✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ১৪:২৩:৪০ |কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের বেশির ভাগই কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য কয়েকজন নারী-পুরুষকে সেখানে জড়ো করে রাখার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকাকে ব্যবহার করে সাগরপথে মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করে আসছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কচ্ছপিয়া এলাকায় জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তয় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।