হাসানের সাত উইকেট শিকারের ম্যাচে কেন্টের জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১৪:০২:৩৪ |

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে ৮৪ রানে জয় পেয়েছে কেন্ট। ম্যাচে বল হাতে অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। পুরো ম্যাচে শিকার করেছেন সাত উইকেট।

৩৮০ রানের লক্ষ্য তাড়ায় ম্যাচের শেষ দিনে ৮৪ রানে ৩ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামে উস্টারশায়ার। আগের দিন অপরাজিত থাকা ডি’অলিভেইরা ও অ্যাডাম হোস স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন। হোসকে (৩৮) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ৭৬ রানের এই জুটি ভেঙে দেন হাসান।

ডি’অলিভেইরার সঙ্গে হেনরি কুলেন যোগ দিয়ে লাঞ্চ ব্রেকের আগে স্কোর নেন ৪ উইকেটে ১৯৯-তে। তাদের ৮৬ রানের জুটিও ভেঙে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। বিকেলের সেশনের চতুর্থ বলে কুলেনকে ৪৫ রানে থামান তিনি। এরপর ডি’অলিভেইরার সেঞ্চুরির পরও ২৯৫ রানে অলআউট হয়ে ম্যাচ হারে উস্টারশায়ার।

শেষ দিকে বেন অ্যালিসনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নিজের তৃতীয় উইকেটের দেখা পান হাসান। ৫১ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। তার সঙ্গে তিনটি করে উইকেট নিয়েছেন কিথ ডাজন ও ম্যাট মিলনস।

এর আগে প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৩৮ ওভার বোলিং করে ১১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার। ম্যাচের প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয় কেন্ট এরপর হাসানের দারুণ বোলিংয়ে ২১৭ রানে উস্টারশায়ারকে থামায় কেন্ট৷ এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় কেন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..