✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৯:২৮:৪৮ |ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে একটি ম্যাচেও মাঠে নামেননি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এতদিন শারীরিক চোটের কারণেই তার না খেলার বিষয়টি সামনে এলেও ভিন্ন দাবি করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এস বদ্রিনাথ।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ জানান, শুধু ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামতে আগ্রহী ছিলেন না ধোনি। বরং পুরো ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেই খেলতে চেয়েছিলেন তিনি।
বদ্রিনাথের ভাষ্য, ধোনি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছিলেন, তিনি শুধু ব্যাটিং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, পুরো ২০ ওভার উইকেটের পেছনে থেকে দলের হয়ে ভূমিকা রাখতে চান।
বয়স ও শারীরিক ধকলের বিষয়টি বিবেচনায় নিয়ে ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহারের সুযোগ ছিল সিএসকের। সেক্ষেত্রে তিনি ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নামতে পারতেন এবং দলও তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারত।
তবে ধোনির পছন্দ ছিল পুরো ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করা। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সীমিত ভূমিকা নিয়ে মাঠে নামার পরিবর্তে তিনি খেলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন বলে দাবি করেছেন বদ্রিনাথ।
এদিকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে সিএসকের অলরাউন্ডার শিবম দুবেকে বোলিং করানো হচ্ছে না এমন আলোচনাও উড়িয়ে দিয়েছেন বদ্রিনাথ। তার মতে, দুবেকে দিয়ে বোলিং করানো হবে কি না, সেটি পুরোপুরি সিএসকে ব্যবস্থাপনা ও নেতৃত্বের কৌশলগত সিদ্ধান্ত।