তিন বছরে পাকিস্তান-ইরান থেকে দেশে ফিরলেন ৬০ লাখ আফগান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৮:১৫:৫৩ |

তিন বছরেরও কম সময়ের মধ্যে ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, সাম্প্রতিক দশকে অভিবাসনের এই এমন উল্টোমুখী পরিবর্তন প্রায় নজিরবিহীন।

তারা বিপুল সংখ্যক মানুষের ফিরে আসাকে সাম্প্রতিক ইতিহাসের প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে অভিহিত করেছে।

সংস্থাটি জোর দিয়ে বলেছে, মানুষ যেখানেই ফিরে আসুক না কেন, সেই প্রত্যাবর্তন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হতে হবে। ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে এসেছেন। আফগান কর্তৃপক্ষ তাদের জন্য আশ্রয়কেন্দ্র ও খাদ্যসামগ্রী সরবরাহ, খাদ্য বহির্ভূত ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্বাসনের লক্ষ্যে ৭০ হাজারেরও বেশি জমির প্লট বরাদ্দ করার মতো পদক্ষেপ নিয়েছে।

তবে রের্কড সংখ্যাক চাহিদার তুলনায় এই সহায়তা অপর্যাপ্ত। অনেক প্রত্যাবর্তনকারীই কর্মসংস্থানের তীব্র সংকট, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং নিত্যদিনের অর্থনৈতিক কষ্টের কথা জানিয়েছেন। তারা সমাজে পুনরায় খাপ খাইয়ে নেওয়া সহজ করতে এবং জীবনযাত্রার মানোন্নয়নে আরও ব্যাপক আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

গত জুন মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদ ধাপে ধাপে প্রত্যাবাসন কর্মসূচি বাস্তবায়ন শুরু করার পর থেকে ২৪ লাখেরও বেশি আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকে প্রায় ২১ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন এবং পরবর্তী দীর্ঘস্থায়ী সংঘাত ও অস্থিতিশীলতার কারণে দেশ ছেড়ে পালিয়ে আসা লাখ লাখ আফগান শরণার্থীকে পাকিস্তান আশ্রয় দিয়ে আসছিল।

জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে এখনও নিবন্ধিত বা নথিবদ্ধ ৭ লাখ ৭৭ হাজারেরও বেশি আফগান শরণার্থী বসবাস করছেন। অন্যদিকে সেখানে অনিবন্ধিত বা অবৈধ শরণার্থীর সংখ্যা ১০ লাখেরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..