নবম পে স্কেলের আওতায় থাকছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ০১:৫০:০৯ |
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় থাকছেন। সরকারি চাকরিজীবীদের মতো নতুন বেতন কাঠামো অনুযায়ী তারাও গত ১ জুলাই থেকে বেতন-ভাতা পাবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগের উপসচিব জামিলা শবনম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পান। ফলে তারাও নবম জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত থাকছেন।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে সরকারি কর্মচারীদের মূল বেতনে ৫ শতাংশ বার্ষিক বেতনবৃদ্ধির পাশাপাশি আরও ৫ শতাংশ বা ন্যূনতম এক হাজার টাকা বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দেয় সরকার। সে সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একই সুবিধা দিতে অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে পৃথক আদেশ জারি করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এক ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও জানান, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেয়া হবে।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে নতুন বেতন কাঠামোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তখন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে স্কেলের আওতায় আসবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এ বক্তব্যের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে অর্থ বিভাগের উপসচিবের বক্তব্য এবং শিক্ষামন্ত্রীর ঘোষণার পর বিষয়টি অনেকটাই স্পষ্ট হলো।

মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কায় সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল।

নতুন বেতন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড থাকবে। গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।

নতুন স্কেলে ২০তম গ্রেডে মূল বেতন বর্তমানের ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী ২০২৭ সালের মধ্যে তিন ধাপে নতুন মূল বেতন বাস্তবায়ন করা হবে। আর ভাতাগুলো একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..