দক্ষিণ কোরিয়ার দায়িত্বে স্পেনের সাবেক কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ০১:৩৩:৪৮ |

স্পেন জাতীয় দলের সাবেক কোচ রবের্ত মরেনোকে আগামী নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দেশটির ফুটবল ফেডারেশন (কেএফএ) মরেনোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে মরেনোর কোচিংয়ে মোট ছয়টি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। আগামী বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন দলটির তৎকালীন প্রধান কোচ হং মিউং-বো। পরে দ্রুতই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর উত্তরসূরি হিসেবেই আপাতত দায়িত্ব নিয়েছেন মরেনো।

দীর্ঘমেয়াদি কোচ নিয়োগের জন্য আগামী কয়েক মাসে প্রক্রিয়া চালিয়ে যাবে কেএফএ। তবে সামনের ছয় ম্যাচে মরেনোর পারফরম্যান্স আশানুরূপ হলে আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপেও তাঁকে দায়িত্বে রাখা হতে পারে।

সেপ্টেম্বরে একুয়েডর ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। এরপর অক্টোবরে ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের মুখোমুখি হবে দলটি।

স্পেন জাতীয় দলের কোচ থাকার সময় ২০১৯ সালে কয়েক মাস ছুটিতে ছিলেন লুইস এনরিকে। সে সময় স্পেনের ডাগআউটে দায়িত্ব পালন করেন মরেনো। পরে ফ্রান্সের ক্লাব মোনাকো, স্পেনের গ্রানাদা এবং রাশিয়ার ক্লাব এফসি সোচির কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..