✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১৩:৪২:৪১ |যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।
সোমবার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ওয়াশিংটনের বৈরী নীতির কোনো পরিবর্তন হয়নি। ফলে জাতীয় সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে পারমাণবিক অস্ত্রই তাদের প্রধান অবলম্বন। এই শক্তি বৃদ্ধির প্রক্রিয়া তারা অব্যাহত রাখবে।
বিবৃতিতে ওয়াশিংটনের তীব্র সমালোচনাও করেছে দেশটি। তারা বলছে, যুক্তরাষ্ট্র একদিকে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দিচ্ছে। আবার মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে অঞ্চলটিতে ক্রমাগত সংঘাতময় পরিস্থিতি তৈরি করে রাখার অভিযোগও তুলেছে দেশটি।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ট্রাম্প প্রশাসন এসব সংঘাতমূলক পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, রাজনৈতিক ব্যবস্থা এবং নিরাপত্তাকে ইচ্ছা করেই হুমকির মুখে রাখতে চাচ্ছে। যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে আগের মতোই বৈরিতাপূর্ণ নীতিতে অটোল রয়েছে, তা আবারও পরিষ্কার হয়ে উঠেছে।’
মুখপাত্র আরও জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি যে আচরণ করছে এর মাধ্যমে উত্তেজনা কমার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে শান্তি আশা করা সম্পূর্ণ অর্থহীন। তিনি আবারও স্পষ্ট করেন, ওয়াশিংটনের প্রতি উত্তর কোরিয়ার নীতি আগের মতোই কঠোর থাকবে। এতে কোনো পরিবর্তন আসেনি।
পিয়ংইয়াং বলছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখা না রাখা কোনো দরকষাকষির বিষয় নয়। বরং এটি দেশটির সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভরসা ও নিশ্চয়তা। যুক্তরাষ্ট্র যতই পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা করুক, এই পারমাণবিক সক্ষমতা বিন্দুমাত্র দুর্বল করা হবে না।