✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ০১:৪৩:৩৬ |তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে একাধিক মামলায় কারাদণ্ড পেয়েছেন তিনি। ৭৪ বছর বয়সী এই ব্যক্তিত্বের মুক্তি ও পর্যাপ্ত চিকিৎসার দাবিতে সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররা সোচ্চার হয়েছেন।
গত ২৪ আগস্ট ইমরান খানের চিকিৎসা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে একযোগে চিঠি লিখেছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠিটি পাঠিয়েছেন। এই চিঠির প্রতি সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও।
সবশেষ জাভেদ মিয়াঁদাদের পর এবার বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ মঈন খান ইমরানের পক্ষে কথা বলেছেন। এক্সে দেওয়া পোস্টে ৫৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, আপনারা সবাই জানেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খান বর্তমানে কারাগারে আছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে পাকিস্তান সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন ইমরান খানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন।
তিনি আরও লেখেন, আমি অনুরোধ করছি, আমাদের সাবেক অধিনায়ক যিনি একইসঙ্গে একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের নাগরিক তাকে যেন সাংবিধানিক অধিকার অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। আমি ক্রিকেটারদেরও আহ্বান জানাব যেন তারা এ বিষয়ে সোচ্চার হন। কারণ খেলোয়াড় হিসেবে ইমরানের অবদান অপরিসীম। তার সময়ে যারা খেলেছেন তারা অনেক কিছু শিখেছেন এবং দেশের জন্যও তিনি অনেক কিছু করেছেন।
ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু জাভেদ মিয়াঁদাদ একটি সাক্ষাৎকারের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। ৬৯ বছর বয়সী মিয়াঁদাদ বলেন, তিনিও তো কারও না কারও সন্তান। তাকে মুক্তি দিলে কী এমন ক্ষতি হবে? তিনি কীভাবে দেশের ক্ষতি করবেন? আমার বিশ্বাস, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব এই বিষয়গুলোর সুরাহা করা।
অন্যদিকে রমিজ রাজা ইমরান খানের অধিনায়কত্বে খেলেছেন। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সাবেক এই ওপেনিং ব্যাটার পরবর্তীতে জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন। এছাড়া তিনি কিছুদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রমিজ রাজা বলেন, ইমরান এখন বিচ্ছিন্ন অবস্থায় আছেন। তার অসংখ্য ভক্ত-অনুরাগী থাকা সত্ত্বেও, গত তিন বছর ধরে তিনি কারাগারে বন্দি। সময়টা তার জন্য অত্যন্ত কঠিন। গত সপ্তাহেই তার চোখের সমস্যা দেখা দিয়েছিল, যা এখন হয়তো ঠিক হয়েছে। কিন্তু তিনি এখনও কারাগারেই আছেন।