ইয়ামালের মুখে হাসি ফেরায় স্বস্তিতে বার্সা কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ০১:৪১:০৮ |

লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচ শেষে মুখ ভার করে বসে ছিলেন লামিন ইয়ামাল। পরের ম্যাচেই বদলে গেল দৃশ্য। মাঠে পুরো ৯০ মিনিট খেলার পাশাপাশি হাসিমুখে দেখা গেল তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডকে। ইয়ামালের এমন হাসিতে স্বস্তি পেয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও।

নতুন মৌসুমের শুরুতে এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। সেই ম্যাচে ৬০ মিনিট মাঠে ছিলেন ইয়ামাল। তবে ম্যাচ শেষে মাঠের বাইরে তাঁকে কিছুটা হতাশ দেখা যায়। পরের ম্যাচে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারায় আথলেতিক বিলবাওকে। সেই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন ইয়ামাল এবং ম্যাচ শেষে ছিলেন বেশ হাসিখুশি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে কথা বলেন ফ্লিক। তরুণ এই ফরোয়ার্ড ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরবেন বলে আশাবাদী বার্সা কোচ।

ফ্লিক বলেন, একজন খেলোয়াড়ের মুখে হাসি দেখা সবসময়ই ভালো লক্ষণ। তবে প্রতিদিন পরিস্থিতি একরকম থাকে না। ইয়ামালকে নিয়ে অনেকেই উদ্বিগ্ন, কিন্তু এটি খেলাটিরই অংশ।

বার্সেলোনা কোচ আরও বলেন, প্রথম ম্যাচে হয়তো ইয়ামাল নিজের সেরা অবস্থায় ছিলেন না। তবে তাঁর পরিশ্রমে তিনি সন্তুষ্ট। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলা ইয়ামালের জন্য ইতিবাচক বলেও মনে করেন তিনি। অনুশীলনেও ইয়ামালকে দুর্দান্ত দেখাচ্ছে বলে জানান ফ্লিক।

ইয়ামালের ওপর আস্থা রেখে তাঁকে আরও উন্নতি করতে সাহায্য করার কথাও জানিয়েছেন বার্সেলোনা কোচ। তাঁর বিশ্বাস, অনুশীলনের পারফরম্যান্স ম্যাচেও ধরে রাখতে পারলে দ্রুতই নিজের সেরা ছন্দে ফিরবেন তরুণ ফরোয়ার্ড।

লা লিগায় দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও রিয়াল বেতিসেরও। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো মাদ্রিদ ও আলাভেস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..