বৈশ্বিক র‍্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দর এবারও ৬৮তম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ০০:৫৩:৪১ |

বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর এবারও ৬৮তম অবস্থানে রয়েছে। শনিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক শিপিং ও সমুদ্রবাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট এ তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

তালিকায় গত বছরও দেশের প্রধান সমুদ্রবন্দরটির অবস্থান ছিল ৬৮তম। অর্থাৎ টানা দুই বছর একই অবস্থানে রইল অর্থনীতির হৃদপিণ্ডখ্যাত চট্টগ্রাম বন্দর।

লয়েডস লিস্ট এক বছরের কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণের ওপর নির্ভর করে তালিকাটি তৈরি করে। এক্ষেত্রে অন্য কোনো সূচক বিবেচনা করা হয়নি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর মোট ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার হ্যান্ডলিং করেছে। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১ শতাংশ।

টানা দুই বছর অবস্থান পরিবর্তন না হলেও লয়েডস লিস্টের প্রকাশনায় বন্দরের ভবিষ্যৎ নিয়ে আশাবাদের কথা উল্লেখ করা হয়েছে। লয়েডস বলছে, এপিএম টার্মিনালস, এমএসসি ও রেড সি গেটওয়ের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরের ভবিষ্যৎ চিত্র ও সক্ষমতা বদলে দিচ্ছে। 

লিস্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেও ২০২৫ সালের তালিকায় ৬৮তম স্থান অর্জন করতে পেরেছিল। এবার এ বন্দরে প্রবৃদ্ধি হলেও বিশ্বের অন্যান্য বন্দরও আগের বছরের তুলনায় বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে। সেজন্য ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হলেও চট্টগ্রাম বন্দরকে আগের অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে ভূ-রাজনৈতিক অস্থিরতা, শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা এবং ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাণিজ্যকে ব্যাহত করতে ব্যর্থ হওয়ায় বিশ্বের শীর্ষস্থানীয় কনটেইনার বন্দরগুলো প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া অব্যাহত রেখেছিল। বিশ্বে মোট কনটেইনার পরিবহনের পরিমাণ দাঁড়ায় ৭৯ কোটি ২২ লাখ টিইইউএস, যা আগের বছরের তুলনায় ৬.৩ শতাংশ বেশি। মোট কনটেইনার পরিবহনের প্রায় ৬৮ শতাংশ নিয়ন্ত্রণ করে এশিয়া তার আধিপত্য আরও শক্তিশালী করেছে। যেখানে কেবল চীনের বন্দরগুলোই মোট পরিমাণের ৪০ শতাংশের বেশি হ্যান্ডলিং করেছে।

লয়েডস-এর বিশ্বের ১০০ বন্দরের তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই, দ্বিতীয় সিঙ্গাপুর। এর পরের চারটি বন্দরই চীনের। তৃতীয় নিংবো, চতুর্থ শেনজেন, পঞ্চম কিংডাও এবং ষষ্ঠ গুয়াংজু বন্দর।

দক্ষিণ এশিয়ার বন্দরগুলোর মধ্যে ভারতের দুটি বন্দর এই তালিকায় জায়গা পেয়েছে। দেশটির মুন্দ্রা বন্দর ২৫তম ও জওহরলাল নেহেরু বন্দর ৩০তম অবস্থানে আছে। পাকিস্তানের করাচি বন্দরের অবস্থান ৮৪তম। শ্রীলঙ্কার কলম্বোর অবস্থান ২৯তম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..