✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ১৯:০১:৫৪ |অসুস্থতার কারণে টানা তিনটি অনুশীলন সেশনে অনুপস্থিত থাকার পর মাঠে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। তবে এখনো পুরোপুরি ফিট না হওয়ায় আজ রাতে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলতে পারবেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
মাদ্রিদের মাজাদাহোন্দা ট্রেনিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবার বিকেলে অনুশীলনে ফেরেন আলভারেজ। অবশ্য দলের সঙ্গে অনুশীলন না করে ফিটনেস কোচের অধীনে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন তিনি।
অসুস্থতার কারণে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালের অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না আলভারেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে আতলেতিকো মাদ্রিদের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আগের তুলনায় এখন ভালো বোধ করছেন তিনি।
তবে সেভিয়ার বিপক্ষে ম্যাচে আলভারেজকে পাওয়া যাবে না বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। শুক্রবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবশ্যই, সে আগামীকাল (শনিবার) থাকবে না।
আলভারেজের বর্তমান পরিস্থিতি নিয়ে সিমিওনে বলেন, দলের জন্য তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রাখাই তার লক্ষ্য। তিনি বলেন, 'সে যেন সর্বোচ্চভাবে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকতে পারে, সেটাই নিশ্চিত করতে চাই। আর এই মুহূর্তে আমার মনোযোগ সেভিয়া ম্যাচে।'
দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে ফিরলে আলভারেজকে আগের মতোই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন সিমিওনে। তার ভাষায়, 'হুলিয়ান যখন আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, তখন আমরা সবসময় যা দিয়ে এসেছি, সেটাই তাকে দেব, যাতে সে বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ, কারণ সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ।'