✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ০১:০০:৩০ |বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলার ও কোচিং স্টাফের এক সদস্যকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছিল ফিফা। এবার সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
শাস্তি পাওয়া তিন ফুটবলার হলেন লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা। তাদের যথাক্রমে ১০, ৭ ও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ফিফার কাছে আবেদন করেছিল, যেন নিষেধাজ্ঞার ম্যাচগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও গণনা করা হয়। এএফএর সেই অনুরোধ অনুমোদন করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এর ফলে শুধু প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত প্রীতি ও আনুষ্ঠানিক ম্যাচেও এই নিষেধাজ্ঞা গণনা হবে। এতে চলতি বছরের শেষ দিকে এবং ২০২৭ সালের শুরুর দিকে আর্জেন্টিনার আন্তর্জাতিক ম্যাচগুলোতে অংশ নিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ দ্রুত শেষ করার সুযোগ পাবেন তিন ফুটবলার।
এএফএর তথ্য অনুযায়ী, চলতি বছরের বাকি সময়ে আর্জেন্টিনার ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। ফলে পারেদেস ও মোলিনার নিষেধাজ্ঞার মেয়াদ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
তবে শাস্তি পুরোপুরি কমিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এএফএ। ফিফার নথিপত্র হাতে পাওয়ার পর আপিল কমিটির কাছে আবেদন করবে তারা। সেখানে ব্যর্থ হলে শেষ পর্যন্ত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) যাওয়ার সুযোগ রয়েছে।
এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন এরই মধ্যে শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, আর্জেন্টিনার খেলোয়াড়দের দেওয়া শাস্তি মাত্রাতিরিক্ত।