✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ০০:৫৯:৪৭ |ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। নেইমারের পরিবারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টস আর্থিক সহায়তায় ক্লাবটির পুরোনো ঋণ পরিশোধের পর নিষেধাজ্ঞা উঠে গেছে।
ফরাসি ক্লাব মোনাকোর কাছে মিডফিল্ডার জ্যঁ লুকাসের ট্রান্সফার বাবদ সান্তোসের প্রায় ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ১৭ লাখ পাউন্ড) বকেয়া ছিল। এই ঋণ পরিশোধ করতে না পারায় গত জুলাই থেকে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে ছিল ক্লাবটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সান্তোস জানায়, ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং ক্লাবটি এখন নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। এনআর স্পোর্টসের তাৎক্ষণিক আর্থিক সহায়তায় বকেয়া পরিশোধ করা সম্ভব হয়েছে।
এই সহায়তার বিনিময়ে সান্তোস ও এনআর স্পোর্টস যৌথভাবে ক্লাবটির এখনো বিক্রি না হওয়া জার্সি স্পনসরশিপের জায়গাগুলো বাজারজাত ও বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়ে কাজ করবে।
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন দল শক্তিশালী করার সুযোগ পাচ্ছে সান্তোস। বিশেষ করে সাবেক জুভেন্টাস মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর চেষ্টা করছে ক্লাবটি। দলটির স্কোয়াডে খেলোয়াড় সংকট থাকায় নতুন খেলোয়াড় দলে নেওয়া জরুরি হয়ে পড়েছে।
এদিকে ব্রাজিলিয়ান লিগে অবনমন ঝুঁকিতেও রয়েছে সান্তোস। চলতি সপ্তাহে করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে তারা। সেই ম্যাচে নেইমারেরও একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।