বারকোলার জন্য ১২০ মিলিয়ন পাউন্ড খরচে রাজি লিভারপুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ০১:২৩:১৫ |

ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে ১২০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পৌঁছেছে লিভারপুল। দীর্ঘদিনের আলোচনার পর বৃহস্পতিবার রাতে দুই ক্লাবের মধ্যে চুক্তির কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চুক্তি অনুযায়ী, বারকোলার জন্য লিভারপুল শুরুতে ১০০ মিলিয়ন পাউন্ডের কিছু বেশি পরিশোধ করবে। এর সঙ্গে ব্যক্তিগত ও দলীয় সাফল্যের ওপর নির্ভর করে আরও প্রায় ২০ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। তবে চুক্তির পুরো কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।

লিভারপুল পুরো গ্রীষ্মজুড়েই বারকোলাকে তাদের প্রধান ট্রান্সফার টার্গেট হিসেবে বিবেচনা করেছে। শুরুতে ২৩ বছর বয়সী এই উইঙ্গারের জন্য পিএসজি প্রায় ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করায় আলোচনা জটিল হয়ে পড়ে। শেষ পর্যন্ত ফরাসি ক্লাবটি তাদের মূল্যায়ন কমিয়ে আনায় সমঝোতার পথ তৈরি হয়।

বারকোলা বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তির শেষ দুই বছরে রয়েছেন। তবে নতুন চুক্তিতে সই করবেন না বলে ক্লাবকে জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে নতুন মৌসুমে পিএসজির ম্যাচডে স্কোয়াডেও জায়গা পাননি তিনি।

২০২৩ সালে লিঁও থেকে ৪৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে দলে নিয়েছিল পিএসজি। লুইস এনরিকের অধীনে ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ জয়ের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে গত মৌসুমে বড় ম্যাচগুলোতে দেজিরে দুএ, উসমান দেম্বেলে ও খভিচা কাভারাসখেলিয়াকে বেশি পছন্দ করায় মূল একাদশে নিজের অবস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েন বারকোলা।

লিভারপুলের হয়ে বারকোলা চুক্তিটি সম্পন্ন করলে তিনি ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড় হতে পারেন। এর আগে ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার ইসাককে দলে এনে রেকর্ড গড়েছে ইংলিশ ক্লাবটি।

তবে বারকোলাকে দলে পেলেও মোহাম্মদ সালাহর জায়গায় ডান প্রান্তের বিকল্প এখনো খুঁজছে লিভারপুল। ইয়ানকুবা মিনতেহকে পেতে ব্রাইটনের কাছে দেওয়া দুটি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সার নিয়েও আগ্রহ দেখিয়েছে তারা, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।

লিভারপুল যদি শেষ পর্যন্ত আরও দুই উইঙ্গারকে দলে নেয়, তাহলে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে পারে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে টটেনহাম ও ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..