গোল হজম না করে কোলো-কোলোতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ০১:১৮:১৯ |

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর চিলির ক্লাব ফুটবলে অভিষেকটাও স্মরণীয় করে রাখলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে একাদশে রেখে কোপা চিলির ম্যাচে ইউনিয়ন এস্পানিওলাকে ৩-০ গোলে হারিয়েছে কোলো-কোলো। অভিষেক ম্যাচেই ক্লিন শিট রাখেন ভোজিনিয়া।

বুধবার রাতে সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় কোলো-কোলো। ২২ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো রোমেরোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস বোলাদোস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফিলিপে রাইপান তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।

কোলো-কোলোর গোলপোস্টে ভোজিনিয়ার জন্য ম্যাচটি ছিল দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তনের উপলক্ষ। বিশ্বকাপের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। ম্যাচে তাঁকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভও করতে হয়েছে, আর শেষ পর্যন্ত গোল না হজম করেই মাঠ ছাড়েন এই কেপ ভার্দেন গোলরক্ষক।

ম্যাচ শেষে ভোজিনিয়া নিজের অভিষেক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবার প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পেরে তিনি আনন্দিত বলে জানান।

এই জয়ে কোপা চিলির গ্রুপ ‘ই’-তে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে কোলো-কোলো। পরের ধাপে তাদের প্রতিপক্ষ অদাক্স ইতালিয়ানো।

বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে আলো ছড়ানোর পর আগস্টের শুরুতে কোলো-কোলোতে যোগ দেন ভোজিনিয়া। আগের তিন ম্যাচে বেঞ্চে থাকার পর দলের মূল গোলরক্ষকের চোটের কারণে এবার একাদশে সুযোগ পান তিনি। তবে এই ম্যাচের পারফরম্যান্সের পরও নিয়মিত একাদশে জায়গা নিশ্চিত নয়; দলের কোচ ফার্নান্দো অর্টিজের অধীনে তাঁকে জায়গার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..