নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ০১:১৩:৩৫ |

কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার মুখে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি ইব্রাহিম গুসাউ এবং নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। সুপার ঈগলসের সাবেক মিডিয়া কর্মকর্তা ওবং কলিন জানিয়েছেন, গুসাউ এবং বোর্ডের অন্যান্য সদস্যরা পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগের প্রতিবেদনগুলোতে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বোর্ডের ১৩ জন সদস্যের মধ্যে আটজন আগেই পদত্যাগ করেছেন। নেতৃত্বের এই রদবদলের সঙ্গে এনএফএফ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসির নামও জড়িয়েছে। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পদত্যাগের বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এনএফএফ বোর্ডকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানানোর খবর প্রকাশের কয়েক দিনের মধ্যেই এই ঘটনাটি ঘটল। পরবর্তীতে জাতীয় ক্রীড়া কমিশন জানিয়েছে, ফেডারেল সরকার এনএফএফ নেতৃত্বকে পদত্যাগের কোনো নির্দেশ দেয়নি। তবে একটি সম্ভাব্য স্বাভাবিকীকরণ কমিটি গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত ছিল।

ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ‘সুপার ফ্যালকনস’ ব্যর্থ হওয়ার পর গুসাউয়ের প্রশাসনের ওপর চাপ আরও তীব্র হয়। ১৯৯১ সালে নারী বিশ্বকাপের প্রথম আসর শুরুর পর থেকে প্রতিটি আসরেই নাইজেরিয়া অংশ নিয়েছিল।

চলতি বছরের নারী আফ্রিকা কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় নাইজেরিয়া। বিশ্বকাপ প্লে-অফে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে সুপার ফ্যালকনসের চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ হয়ে যায়। এরপর এনএফএফ সুপার ফ্যালকনসের কোচ জাস্টিন মাদুগুকে বরখাস্ত করে।

আফ্রিকান প্লে-অফে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে ‘সুপার ঈগলস’ ফিফা বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল। এছাড়াও ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হন তারা।এর পাশাপাশি আর্থিক বিষয়গুলো ফেডারেশনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বকেয়া বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ২০২৪ সালে ফেডারেল সরকারের দেওয়া ১২ বিলিয়ন নাইরা  তহবিলের ব্যবহার নিয়ে ‘ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইমস কমিশন’ এবং ‘ইন্ডিপেন্ডেন্ট করাপ্ট প্র্যাকটিসেস অ্যান্ড আদার রিলেটেড অফেন্সেস কমিশন’ তদন্ত করছে। এনএফএফ জানিয়েছে, এ সংক্রান্ত নথিপত্র দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর কাছে রয়েছে। কর্মকর্তাদের পদত্যাগের পর আগামী মাসগুলোতে নাইজেরিয়ান ফুটবলের গতিপথ নির্ধারণ করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..