✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৮:২২:২০ |ভারতের ক্রিকেটে একসময় ব্যাট হাতে রাজত্ব করেছেন বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়। এবার তাদের উত্তরসূরিদের দেখা যাবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার যুব দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারতের দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।
শেবাগপুত্র আর্যবীরের জন্য এটি ভারতের অনূর্ধ্ব-১৯ দলে প্রথম ডাক। ডানহাতি এই ব্যাটসম্যান সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগের ২০২৬ আসরে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে সেখানে বাবার সঙ্গে তার তুলনাও হয়েছে।
এর আগে ২০২৪ সালের কোচবিহার ট্রফিতে বড় ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন আর্যবীর। মেঘালয়ের বিপক্ষে তিনি করেন দুর্দান্ত ২৯৭ রান।
অন্যদিকে, অন্বয় দ্রাবিড়ের জন্য ভারতের যুব দলে জায়গা পাওয়া নতুন কোনো অভিজ্ঞতা নয়। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরেও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অংশ ছিলেন তিনি। ওই সফরের দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অন্বয়। এবারও তিনি দলে নিজের জায়গা ধরে রেখেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ সেপ্টেম্বর।
ওয়ানডে সিরিজের পর দুই দল দুটি চার দিনের ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচ ৫ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে চার দিনের ম্যাচের দলে আর্যবীর ও অন্বয়—কাউকেই রাখা হয়নি।
ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে রাজকোটে। চার দিনের ম্যাচের প্রথমটিও রাজকোটে হলেও দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।
ফলে শেবাগ ও দ্রাবিড়ের পর এবার তাঁদের ছেলেদের ভারতের যুব দলের জার্সিতে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।