নতুন আইফোন হাতে পাওয়ার মুহূর্তটা আনন্দের হলেও পুরোনো ফোনের ছবি, ভিডিও, বার্তা, পরিচিতি আর প্রিয় অ্যাপগুলোর কথা মনে পড়তেই সেই আনন্দে একটু দুশ্চিন্তা ভর করতে পারে। এতদিনের স্মৃতিগুলো কি তবে নতুন ফোনে আবার শুরু থেকে সাজাতে হবে? একদমই নয়। কয়েকটি সহজ ধাপেই পুরোনো আইফোনের প্রয়োজনীয় ডাটা নতুনটিতে নিয়ে, পুরোনো ফোনের স্মৃতিগুলোও সঙ্গে রাখতে পারবেন।
সবচেয়ে সহজ উপায় হলো কুইক স্টার্ট। দুটি আইফোন পাশাপাশি রেখেই তারবিহীনভাবে প্রয়োজনীয় তথ্য স্থানান্তর করা যায়। ছবি, ভিডিও, পরিচিতি, বার্তা ও অ্যাপের বিভিন্ন তথ্য নতুন ফোনে নেওয়ার কাজটিও হয়ে যাবে বেশ সহজে।
যেভাবে করবেন
১. দুটি ফোন পাশাপাশি রাখুন
- নতুন আইফোন চালু করে পুরোনো আইফোনের পাশে রাখুন। এরপর পর্দায় আসা নির্দেশনা অনুসরণ করুন।
২. কুইক স্টার্ট চালু করুন
- পুরোনো ফোনে নতুন আইফোন সেটআপের বার্তা এলে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে প্রক্রিয়া শুরু করুন।
৩. অ্যানিমেশন স্ক্যান করুন
- পুরোনো আইফোনের ক্যামেরা দিয়ে নতুন ফোনে দেখানো অ্যানিমেশন স্ক্যান করুন। এরপর পুরোনো ফোনের পাসকোড দিন এবং প্রয়োজনীয় নিরাপত্তা সেটিংস সম্পন্ন করুন।
৪. ডাটা স্থানান্তরের পদ্ধতি বেছে নিন
- চাইলে সরাসরি পুরোনো ফোন থেকে ডাটা নিতে পারেন। আবার আইক্লাউডে থাকা ব্যাকআপ থেকেও নতুন ফোনে তথ্য ফিরিয়ে আনা যাবে।
৫. সমস্যা হলে তারের সাহায্য নিন
- ওয়াই-ফাই দুর্বল হলে বা বেশি ডাটার কারণে স্থানান্তর আটকে গেলে দুটি ফোন তারের মাধ্যমে যুক্ত করে চেষ্টা করতে পারেন।
পুরোনো আইফোন হাতে না থাকলেও আগে আইক্লাউডে ব্যাকআপ করা থাকলে নতুন ফোনে সেটি পুনরুদ্ধার করা সম্ভব। অর্থাৎ, ফোন বদলাবে, কিন্তু আপনার পুরোনো স্মৃতিগুলো হারাবে না।
সূত্র: এনগ্যাজেট
এ জাতীয় আরো খবর..