✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ০১:৪০:২৩ |প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে পরিচিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস। আগামী ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশটিতে টুর্নামেন্টের তৃতীয় আসরটি অনুষ্ঠিত হবে।
এর আগে টুর্নামেন্টটির উদ্বোধনী ও দ্বিতীয় আসর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় আসরে মোট সাতটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে ইন্ডিয়া চ্যাম্পিয়নস, পাকিস্তান চ্যাম্পিয়নস, ইংল্যান্ড চ্যাম্পিয়নস, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস এবং বাংলাদেশ চ্যাম্পিয়নস রয়েছে। আগের দুটি আসরে ছয়টি দল অংশ নিলেও, এবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দলটির অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী নিশ্চিত ক্রিকেটারদের তালিকায় রয়েছেন যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ডিজে ব্রাভো, শহীদ আফ্রিদি, মঈন আলী, ডেভিড ওয়ার্নার এবং মোহাম্মদ মাহমুদউল্লাহ। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠিত হচ্ছে।
শুরুর পর থেকেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এর ব্যাপক প্রসার ঘটেছে এবং এর দ্বিতীয় আসরটি বিশ্বজুড়ে ৪২ কোটি ৫০ লাখ (৪২৫ মিলিয়ন) দর্শক উপভোগ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে এই আসর আয়োজনের সিদ্ধান্তটি টুর্নামেন্টটিকে যুক্তরাজ্যের গণ্ডি থেকে বের করে আনার প্রথম পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। একইসঙ্গে এটি প্রতিযোগিতার বৈশ্বিক পরিধি বিস্তারে আয়োজকদের উচ্চাকাঙ্ক্ষাকেও প্রতিফলিত করে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সিইও হর্ষিত তোমর বলেন, তৃতীয় মৌসুমটি হতে চলেছে অত্যন্ত বিশেষ। আমরা প্রথমবারের মতো ডব্লিউসিএল-কে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাচ্ছি এবং আমাদের ভক্তদের এমন এক অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছি, যা তারা আগে কখনও দেখেনি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ক্রিকেটের বড় বড় তারকাদের পাশাপাশি এবার থাকছে দারুণ সব চমক। এখন পর্যন্ত এটিই হতে চলেছে আমাদের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর মৌসুম।
তিনি আরও বলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস-এর সহ-মালিক অজয় দেবগনও তৃতীয় আসর শুরুর আগে তার মতামত জানিয়েছেন। তিনি বলেন, ডব্লিউসিএল কেবল একটি ক্রিকেট লিগই নয়, এটি আবেগ, নস্টালজিয়া এবং বিনোদনের এক অনন্য মিলনস্থল। তৃতীয় মৌসুমটি নিয়ে আমি খুবই আশাবাদী; এটি হতে চলেছে আমাদের এ যাবৎকালের সবচেয়ে সাহসী ও জমজমাট আয়োজন।
প্রথম আসরের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে হারিয়ে ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ উদ্বোধনী ডব্লিউসিএল শিরোপা জিতেছিল। দ্বিতীয় মৌসুমে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে হারিয়ে ‘সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স’ ট্রফি জয় করে এবং তাদের প্রথম ডব্লিউসিএল শিরোপা নিশ্চিত করে।
তৃতীয় মৌসুমে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’-এর অন্তর্ভুক্তির ফলে এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো সাতটি দেশ অংশ নেবে। প্রতিটি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি; এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই আসরের ম্যাচের সময়সূচি ও টুর্নামেন্ট বিন্যাসও (ব্র্যাকেট ফরম্যাট) এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রকাশ করা হয়নি।