✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ০১:২৬:৫০ |নারী এশিয়া কাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার আইমেন আনোয়ার। বুধবার (২৬ আগস্ট) দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৬ সালে অভিষেক হওয়া আনোয়ার ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
কাকতালীয়ভাবে তিনি ছিলেন টি-টোয়েন্টি খেলা ৩৭তম ক্রিকেটার। এছাড়া তিনি পাকিস্তানের হয়ে আটটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। তিনি সবশেশ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ২০১৬ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আইমেনের অভিষেক হয়। এর এক বছর পর কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক ঘটে। তিনি ছিলেন এই ফরম্যাটে খেলা ৭৬তম নারী ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে আইমেন ওয়ানডেতে ৪টি এবং টি-টোয়েন্টিতে মিলিয়ে ৩৩টি উইকেট শিকার করেছেন। এই পেসার ২০১৮, ২০২০ এবং ২০২২-২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির স্কোয়াডের অংশ ছিলেন। এছাড়া তিনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২২ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে পিসিবি ন্যাশনাল অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে করাচি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে তার অভিষেক হয়।
খেলোয়াড়ি জীবন শেষে আইমেন ব্রডকাস্টার হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ম্যাচ রেফারি হিসেবেও নিজের নতুন এক অধ্যায় শুরু করেছেন। চলমান জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে সোমবার তার অভিষেক হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছিলেন।
ব্রডকাস্টিং ও ম্যাচ পরিচালনার দায়িত্বে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনের পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই ক্রিকেটার।