✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১৪:৫৪:১০ |ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বাবর আজমকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান। চোট কাটিয়ে অনুশীলনে ফেরা এই ব্যাটারকে ফিট অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছেন দলের বোলিং কোচ উমার গুল।
সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আঙুলের চোটের কারণে হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার আঙুলে চোট পেয়েছিলেন তিনি। পরে ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবার আঘাত পান এই ব্যাটার।
তবে লর্ডস টেস্টের আগে অনুশীলনে ফিরেছেন বাবর। উমার গুল জানান, নেটে ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন তিনি।
গুল বলেন, ‘বাবর নেটে ব্যাটিং করেছে। ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আজ তাকে ভালো অবস্থায় দেখা গেছে। পুরো একটি ব্যাটিং সেশন করেছে। আমরা আশা করছি, পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।’
বাবরের ফেরাটা পাকিস্তানের ব্যাটিংয়ের জন্য বড় স্বস্তি হতে পারে। প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দলটি। কোনো ইনিংসেই ২০০ রান করতে পারেনি পাকিস্তান এবং শেষ পর্যন্ত ইনিংস ও ১০৩ রানে হেরে যায়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বাবর। দুই ফিফটিতে চার ইনিংসে ১৯৩ রান করেন তিনি, যার মধ্যে দুটি ইনিংসেই ছিলেন অপরাজিত।
ওই সিরিজের আগে আবারও পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব পান বাবর। লর্ডসে খেললে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হবে তার।
ইংল্যান্ডে এখন পর্যন্ত ছয় টেস্ট ইনিংসে তিনটি ফিফটি করেছেন বাবর। সেখানে তার ব্যাটিং গড় ৬৫.৭৫। ইংল্যান্ডের বিপক্ষে ১৪ টেস্ট ইনিংসে তার গড় ৫৩.৮৩, যেখানে অর্ধেক ইনিংসেই ফিফটি বা সেঞ্চুরি রয়েছে।
তবে বাবরের ফেরার সম্ভাবনায় স্বস্তি পেলেও আগের টেস্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দলকে ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন গুল। তার মতে, টেস্ট জিততে হলে তিন বিভাগেই ভালো করতে হবে।
গুল বলেন, আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। টেস্ট জিততে হলে সব বিভাগেই ভালো পারফরম্যান্স দরকার। বিশেষ করে এই কন্ডিশনে বোলারদের দায়িত্ব বেশি। প্রতিপক্ষের ২০ উইকেট না নিতে পারলে টেস্ট জেতা সম্ভব নয়।