✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:৩১:২৯ |যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে বিরল ও প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে প্রাণ হারিয়েছে আট বছর বয়সী এক শিশু। স্বজন ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্রে নিশ্চিত হওয়া গেছে, মৃত ওই শিশুর নাম লিলিয়ান স্মার্ট। সে লুইসিয়ানার রাস্টন এলাকার বাসিন্দা ছিল।
চিকিৎসকদের মতে, সে নেগলেরিয়া ফাওলারি নামে অত্যন্ত বিরল একধরনের অ্যামিবায় আক্রান্ত হয়েছিল। ধারণা করা হচ্ছে, লেক ক্লেবোর্নে সাঁতার কাটার সময়ই সে এই প্রাণঘাতী অ্যামিবার সংস্পর্শে আসে।
নিজের অষ্টম জন্মদিন উদযাপনের ঠিক পরদিনই মর্মান্তিক এই মৃত্যুর কোলে ঢলে পড়ে লিলিয়ান। তার পরিবার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আবেগঘন বার্তায় এই হৃদয়বিদারক খবর নিশ্চিত করে জানায়, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও লিলিয়ানের মস্তিষ্কের আঘাত এতই গুরুতর ছিল যে ছোট শিশুটি আর লড়াই চালিয়ে যেতে পারেনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে লিলিয়ানের পরিবারকে সহায়তায় এবং তাদের প্রতি সমবেদনা জানাতে রাস্টন এলাকার স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো একজোট হয়ে এগিয়ে এসেছে।
লুইসিয়ানা স্বাস্থ্য বিভাগ গত ১৯ আগস্ট প্রথম এক স্থানীয় বাসিন্দা এই অ্যামিবায় আক্রান্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গরম পানিতে এই অ্যামিবা খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং গ্রীষ্মকালে বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর মিষ্টি পানির জলাশয়ে এর উপস্থিতি বেশি দেখা যায়। আক্রান্ত পানি নাকের ভেতর প্রবেশ করলে এই অ্যামিবা সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায় এবং প্রিমারি অ্যামেবিক মেনিংগোএনসেফালাইটিস তৈরি করে। এটা প্রায় ১০০ ভাগ ক্ষেত্রে প্রাণঘাতী। তবে পানি খেলে বা আক্রান্ত ব্যক্তির স্পর্শে এই রোগ ছড়ায় না।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, ১৯৩৭ সাল থেকে এ পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে কেবল ১৮০ জনের মতো মানুষ এই অ্যামিবায় সংক্রমিত হয়েছেন। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় চিকিৎসাবিজ্ঞানীরা এখন গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মতে, বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের উত্তর ও পশ্চিমাঞ্চলের এমন সব এলাকায় এই অ্যামিবা ছড়িয়ে পড়ছে, যেখানে আগে এটি কখনো দেখা যেত না। স্বাভাবিক ও সঠিকভাবে ক্লোরিনযুক্ত সুইমিং পুল কিংবা লোনা পানিতে এটি বেঁচে থাকতে না পারলেও গরম মিষ্টি পানির হ্রদ, নদী বা পুকুর ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকেরা এখন বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান