✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:২৯:১৭ |প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে এখন থেকে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়া ও পুরোনো পারমিট নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজন প্রবাসীর ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে। ফলে দীর্ঘদিন ধরে ওমানে কাজ করা ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের চাকরি ও দেশটিতে বসবাসের বৈধতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দ্য অ্যারাবিয়ান স্টোরিজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রবাসী। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তাও নিশ্চিত করেছেন, বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত এমন অনেক প্রবাসী সমস্যায় পড়তে পারেন, যারা ৬০ বছর বয়স পার হওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন। ২০২২ সালের জানুয়ারিতে চালু করা নিয়মের আওতায় তারা আরও কয়েকবার পারমিট নবায়নের সুযোগ পাবেন বলে আশা করছিলেন।
ওই নীতির মাধ্যমে ৬০ বছর বয়সের পর প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের ওপর থাকা আগের বয়সসীমা তুলে নেওয়া হয়েছিল। সে সময় ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল, অভিজ্ঞ কর্মীদের বয়সসীমার পরও ধরে রাখতে বিভিন্ন কোম্পানি বারবার বিশেষ অনুমতি চাইছিল।
পরে দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বাওয়াইন বলেছিলেন, উৎপাদনশীল ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে নিয়োগদাতাদের আরও সুযোগ দিতেই এই পরিবর্তন আনা হয়েছিল। বিশেষ করে যেসব কোম্পানি ওমানিকরণ বা ‘ওমানাইজেশন’-এর শর্ত পূরণ করেছে এবং যেসব পদ ওমানের নাগরিকদের জন্য সংরক্ষিত নয়, সেসব ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য ছিল।
তবে দ্য অ্যারাবিয়ান স্টোরিজের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে কার্যত আগের নীতি থেকে সরে এসেছে ওমান। এখন ৬০ বছর পার করা প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজন প্রবাসী জানিয়েছেন, এতে তাদের চাকরি ও দেশটিতে বৈধভাবে বসবাসের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা পারমিট নিয়মিত নবায়ন করা যাবে- এই ধারণায় ওমানে থেকে গিয়েছিলেন, তাদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে।
অবশ্য ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও ওমানি নয় এমন কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের সেবা চালু রয়েছে। তবে বর্তমান সেবা-সংক্রান্ত পেজে বয়সসীমা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: গালফ নিউজ