✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:০৬:২০ |খাবারের সতেজতা দীর্ঘস্থায়ী করতে চীনে বাঁধাকপিতে মারাত্মক ও নিষিদ্ধ রাসায়নিক ফরমালিন ব্যবহারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলের হেবেই প্রদেশে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে চীনা প্রশাসন। এরপর শুরু হয়েছে কঠোর তদন্ত।
একজন পরিবেশবাদী ব্লগারের ধারণ করা ওই ভিডিওটিতে দেখা যায়, ট্রাকভর্তি করে বাজারে পাঠানোর আগে কিছু লোক বাঁধাকপি একটি রাসায়নিক দ্রবণে ডুবিয়ে নিচ্ছেন। ফরমালিন মূলত একটি বর্ণহীন রাসায়নিক যা ল্যাবরেটরিতে মৃত জৈব নমুনা সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। এটি মানবদেহে ক্যানসারের ঝুঁকি তৈরি করে। চীনে খাদ্যপণ্য সংরক্ষণে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
চীন বিশ্বের বৃহত্তম বাঁধাকপি উৎপাদনকারী দেশ। প্রতি বছর দেশটি তিন কোটির বেশি টন বাঁধাকপি উৎপাদন করে, যা বিশ্ব উৎপাদনের প্রায় অর্ধেক। উৎপাদিত এসব বাঁধাকপির একটি বড় অংশ ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মতো দেশগুলোতে রপ্তানি করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। জনমনে আতঙ্ক দূর করতে এবং বাজারে আস্থা ফিরিয়ে আনতে দেশটির বিভিন্ন বাজারে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া ক্ষতিকর সবজির উৎস ট্র্যাক করতে এবং এ ধরনের প্রথার বিস্তার কতদূর ছড়িয়েছে তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
কানবাও কাউন্টির স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।
চীনের সরকারি মুখপত্র পিপলস ডেইলি এক কড়া সম্পাদকীয়তে জানিয়েছে, পাইকাররা মানুষের জীবন ও স্বাস্থ্যকে সম্পূর্ণ উপেক্ষা করে কেবল নিজেদের তাৎক্ষণিক লাভের কথা চিন্তা করেছে। তারা আইনের পাশাপাশি নৈতিকতার সীমাও লঙ্ঘন করেছে।
তথ্যসূত্র : বিবিসি