নিখোঁজের ১০ সপ্তাহ পর দেশে ফিরলেন ক্যামেরুনের প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০০:৫৬:১৭ |

দীর্ঘ ১০ সপ্তাহের বেশি সময় দেশের বাইরে থাকার পর ক্যামেরুনে ফিরেছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান পল বিয়া। তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে স্বাস্থ্য ও দেশ পরিচালনার সক্ষমতা বিষয়ে চলা জল্পনার মধ্যেই বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশে ফেরেন ৯৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট।

চার দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর বিদেশে এটিই তার সবচেয়ে দীর্ঘ সফর বলে জানা গেছে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে ভাড়া করা একটি বিমানে রাজধানী ইয়াউন্ডের এনসিমালেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পল বিয়া। গত ৭ জুন ক্যামেরুন ত্যাগ করেছিলেন তিনি। সে সময় দেশটির বেসামরিক মন্ত্রিসভা জানিয়েছিল, প্রেসিডেন্ট ‘ইউরোপে সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ যাচ্ছেন।

ফার্স্ট লেডি চান্তাল বিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে গাড়িবহরে করে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ইউনিটি প্যালেসের উদ্দেশে রওনা হন। রাজধানীর বিভিন্ন সড়কে তাকে স্বাগত জানাতে শাসক দল ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের শত শত সমর্থক জড়ো হন। গাড়ির আধখোলা জানালা দিয়ে হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান পল বিয়া। এ সময় সমর্থকদের হাতে দলীয় পতাকা ও প্রেসিডেন্টের প্রশংসাসূচক ব্যানার দেখা যায়।

পল বিয়ার দীর্ঘ অনুপস্থিতি তার স্বাস্থ্য ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। যদিও কর্তৃপক্ষ বারবার জানিয়ে আসছিল, তিনি শিগগিরই দেশে ফিরবেন।

এদিকে তার অনুপস্থিতি ক্যামেরুনের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। দেশটিতে রাষ্ট্রীয় ক্ষমতা এখনো ব্যাপকভাবে প্রেসিডেন্টকে কেন্দ্র করে পরিচালিত হয়। বিরোধী নেতারা তার অনুপস্থিতিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সাময়িকভাবে অন্য কারও কাছে দেওয়া উচিত কি না, তা খতিয়ে দেখতে সাংবিধানিক পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে এ বিষয়ে পরিষদ কোনো পদক্ষেপ নেয়নি।

ক্যামেরুনের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যু, পদত্যাগ বা স্থায়ীভাবে দায়িত্ব পালনে অক্ষমতার কারণে পদ শূন্য হলে ভাইস প্রেসিডেন্ট না থাকলে সিনেটের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

গত এপ্রিলে ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহাল করা হলেও পল বিয়া এখনো এ পদে কাউকে নিয়োগ দেননি। ফলে সমালোচকদের আশঙ্কা, ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়লে স্পষ্ট উত্তরাধিকার কাঠামোর অভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

তথ্য সূত্র- ফ্রান্স২৪।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..