✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ১৪:৫৪:৩৩ |পেরুর বিখ্যাত হুয়াকা পুকলানা পিরামিডের কাছে একটি ভূগর্ভস্থ পানির চ্যানেল থেকে প্রায় চৌদ্দশ’ বছর পুরোনো এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। গবেষকদের ধারণা, এটি কোনো সাধারণ মৃত্যু নয় বরং প্রাচীন সংস্কৃতির কোনো এক অদ্ভুত নরবলি বা আচারিক বলিদানের ঘটনা হতে পারে।
পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কঙ্কালটি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের। তাকে এমন এক অদ্ভুত ভঙ্গিতে শোয়ানো হয়েছিল, যাতে তার মাথাটি মহাসাগর ও প্রাচীন হুয়াকা পুকলানা পিরামিডের দিকে মুখ করে থাকে। প্রায় চৌদ্দ শ বছর আগে অর্থাৎ আনুমানিক ৬৫০ খ্রিস্টাব্দের দিকে এই ভূগর্ভস্থ জলপথ ও এর সঙ্গে যুক্ত কূপটি সিল করে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই সিল করার সময়ই এই বলিদানের ঘটনা ঘটেছিল।
হুয়াকা পুকলানা সাইটটিতে এর আগেও বেশ কয়েকবার নরবলির নিদর্শন পাওয়া গেছে। চার শতাব্দী ধরে চলা এই সভ্যতায় পিরামিডের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা বিশেষ কোনো আনুষ্ঠানিক সমাপ্তির জন্য মানুষ উৎসর্গ করার প্রথা ছিল। তবে এবারের আবিষ্কারটি বেশ ব্যতিক্রমী, কারণ যে জলপথ ও কূপটিতে কঙ্কালটি পাওয়া গেছে, তা নদীপাথর দিয়ে তৈরি; যা সেসময়ের লিমার মানুষের স্বাভাবিক নির্মাণশৈলীর সঙ্গে মেলে না।
বর্তমানে প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীরা কঙ্কালটির বয়স, লিঙ্গ এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা নিয়ে বিস্তারিত গবেষণা চালাচ্ছেন। এই নিখুঁত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই পরিষ্কার হবে যে ওই ব্যক্তি সত্যিই কোনো বলির শিকার ছিলেন কি না।
সূত্র: লাইভ সায়েন্স