✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ০১:৫৫:৩৬ |ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভাবনীয় মাত্রায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণাও দিয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের হাতে অর্থনীতিকে দুর্বল করার মতো যথেষ্ট হাতিয়ার থাকলেও, তাদের কোনো সুনির্দিষ্ট কৌশল বা লক্ষ্য নেই।
যুক্তরাষ্ট্রের সাবেক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেনিফার গ্যাভিটো আল জাজিরাকে জানান, মার্কিন নিষেধাজ্ঞাগুলো এরই মধ্যে ইরানের অর্থনীতিকে বেশ দুর্বল করে দিয়েছে। ওয়াশিংটন চাইলে এই চাপ আরও বাড়াতে পারে। তবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের হাতে হাতিয়ার আছে ঠিকই, কিন্তু এটি কোনো কৌশল নয়। অর্থনৈতিক চাপের কারণে পরিস্থিতি স্বাভাবিক হবে বা ইরান পিছু হটবে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।’
ট্রাম্পের নতুন পরিকল্পনার বিস্তারিত এখনো পরিষ্কার নয়। তবে তার হাতে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। গত ফেব্রুয়ারিতে সই করা এক আদেশে বলা হয়, যারা ইরানের সঙ্গে ব্যবসা করবে, তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হতে পারে। এ ছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ নতুন করে শাস্তিমূলক নিষেধাজ্ঞা দিতে পারে। এর ফলে ইরানের সঙ্গে যুক্ত বন্দর, বিমান সংস্থা, কোম্পানি বা জাহাজগুলো বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
মূলত, হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের পাশাপাশি তেহরানের বিরুদ্ধে কয়েক মাস আগে শুরু হওয়া অর্থনৈতিক চাপ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে এই লড়াইয়ের চূড়ান্ত লক্ষ্য কী, তা এখনো সবার কাছেই অজানা।