✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৪:৩১:৫০ |দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বার্ষিক সামরিক মহড়া নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্দেশের পর এই পদক্ষেপ নেওয়া হলো। ট্রাম্প এই মহড়াকে ‘অনুপযুক্ত ও বৈরী’ আখ্যা দিয়ে পেন্টাগনকে অবিলম্বে এর পরিধি ছোট করার নির্দেশ দেন।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে চমৎকার ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প জানান, ওয়াশিংটনের প্রতি সম্মান দেখানো একটি দেশের বিরুদ্ধে এমন মহড়া চালানো কোনোভাবেই যুক্তিসংগত নয়। প্রেসিডেন্টের এমন নির্দেশনার পর সিউলের সামরিক বিভাগ জানায়, পূর্বপরিকল্পিত ২৭ আগস্টের বদলে আগামী ২১ আগস্টেই শেষ হবে ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের এই নিয়মিত যৌথ মহড়া।
এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই সামরিক মহড়াকে তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘সরাসরি ও প্রকাশ্য হুমকি’ বলে অভিহিত করেছে। তবে তাদের বক্তব্যে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় আশ্বস্ত করে বলেছে, প্রতিবেশী দেশকে আক্রমণ করা কিংবা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য তাদের নেই।
উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় থেকেই দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তবে মিত্রদের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের এই প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে ট্রাম্পের এমন আকস্মিক সিদ্ধান্তে জাপানসহ এ অঞ্চলের অন্য মিত্র দেশগুলোর মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।