✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১১:৩০:৪০ |বাংলাদেশের কাছে ঘরের মাঠে ৯ উইকেটের হার যেন অস্ট্রেলিয়ার ক্রিকেটে বড় ধাক্কা হয়ে এসেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এমন ফল কেউই প্রত্যাশা করেনি। তবে হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বরং সরাসরি স্বীকার করেছেন, ম্যাচের সব বিভাগেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না বলেই মনে করেছিলেন কামিন্স। চলতি বছরের মার্চে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা দ্য হান্ড্রেডের প্রায় পাঁচ লাখ পাউন্ডের চুক্তিও ফিরিয়ে দিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।
কিন্তু সেই প্রস্তুতির প্রতিফলন ডারউইন টেস্টের প্রথম দিন থেকেই মাঠে দেখা যায়নি। শুরুতেই মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারতে হয় স্বাগতিকদের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘প্রথম দিনেই আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। তবে আমাদের প্রস্তুতি একেবারে নিখুঁত ও চমৎকার ছিল। তাই কোনো অজুহাত দেওয়ার জায়গা নেই।’
পিচে বোলারদের জন্য কিছুটা সহায়তা থাকলেও সেটিকে অজুহাত হিসেবে দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। তার মতে, কঠিন পরিস্থিতিতেও ব্যাটারদের আরও সময় উইকেটে কাটানো উচিত ছিল।
কামিন্স বলেন,‘প্রথম দিনে পিচে কিছুটা সাহায্য ছিল ঠিকই, কিন্তু আমাদের আরও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকার পথ খোঁজা উচিত ছিল। এরপর আমরা বল হাতেও ওদের চেপে ধরতে পারিনি।’
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে বড় পরিবর্তন আসবে কি না, তা এখনই নিশ্চিত করেননি কামিন্স। তবে দলের কম্বিনেশন ও ম্যাচ-আপ নিয়ে পর্যালোচনা করার কথা জানিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন,‘এই ধরনের হারের পর অবশ্যই দলের কম্বিনেশন ও ম্যাচ-আপ নিয়ে ভাবতে হয়। ম্যাচটা সবে শেষ হলো। আমরা সবাই একসঙ্গে বসে বিষয়টি নিয়ে পর্যালোচনা করব।’
তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কামিন্স। তার বিশ্বাস, দ্বিতীয় টেস্টের আগে ব্যাটার ও বোলাররা নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন।
বাংলাদেশ দলের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। বিশেষ করে টাইগারদের মানসিক দৃঢ়তা ও ধৈর্যের কথা উল্লেখ করেছেন তিনি।
কামিন্সের ভাষায়,‘ওরা সব বিভাগেই আমাদের পেছনে ফেলে দিয়েছে। ওদের খেলোয়াড়রা অত্যন্ত ধৈর্যশীল ও সুনিয়ন্ত্রিত ক্রিকেট খেলেছে। একবার পিছিয়ে পড়ার পর এই টেস্টে ফিরে আসাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল।’
প্রস্তুতির জন্য কোটি টাকার লিগের চুক্তি ছেড়ে দেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। অন্যদিকে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ তাকিয়ে আছে সিরিজ জয়ের দিকে।