✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:৫৫:০২ |দীর্ঘ সময় ধরে কোর্টে সময়টা ভালো যাচ্ছিল না ইগা শিয়াওতেকের। তবে ইউএস ওপেনের আগে মৌসুমের প্রথম শিরোপার দেখা পেলেন পোলিশ এই তারকা।
র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এলেনা রিবাকিনাকে সরাসরি সেটে হারিয়ে কানাডিয়ান ওপেনের শিরোপা জিতেছেন তিনি। টরন্টোয় শুক্রবারের ফাইনালে গ্যালারি থেকে দারুণ সমর্থন পান আসরটি র্যাঙ্কিংয়ের আট নম্বর হিসেবে শুরু করা শিয়াওতেক। সেই সমর্থনকে শক্তিতে পরিণত করে দাপুটে পারফরম্যান্স উপহার দেন তিনি। রিবাকিনাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটে ম্যাচ শেষ করেন শিয়াওতেক।
প্রথম সেটে বেশ চাপে ছিলেন রিবাকিনা। কাজাখস্তানের ২৭ বছর বয়সী এই তারকা ১২টি আনফোর্সড এরর করেন। বিপরীতে প্রতিপক্ষের সার্ভিস দুবার ভেঙে সেটটি সহজেই জিতে নেন শিয়াওতেক।
দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি রিবাকিনা। একবারও শিয়াওতেকের সার্ভিস ব্রেক করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দাপট ধরে রেখে ক্যারিয়ারের ২৬তম শিরোপা জিতে নেন পোলিশ তারকা।
গত বছরের উইম্বলডনে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন শিয়াওতেক। এরপর এক বছরের বেশি সময় কোনো মেজর শিরোপা জিততে পারেননি তিনি। আগামী ২৩ আগস্ট শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে তাই নতুন শিরোপার লক্ষ্যেই নামবেন তিনি।
এর আগে চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রিবাকিনার কাছে হেরেই বিদায় নিয়েছিলেন শিয়াওতেক। এরপর ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড এবং উইম্বলডনে তৃতীয় রাউন্ড পর্যন্ত যেতে পেরেছিলেন তিনি।