ইংল্যান্ড সিরিজের আগে বাবরের হাতে চোট, শঙ্কায় পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:৩১:৩১ |

ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে ডান হাতে আঘাত পেয়েছেন দলের টেস্ট অধিনায়ক বাবর আজম। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার ব্যাট করতে নেমেছিলেন বাবর। তবে মাত্র পাঁচ রান করেই ডান হাতে আঘাত পান তিনি। পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় পাকিস্তানি ব্যাটারকে।

বাবরের চোট নিয়ে অবশ্য এখনই বড় কোনো আশঙ্কার কথা জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তুতি ম্যাচের বাকি অংশে আর খেলবেন না বাবর। তবে সোমবার হেডিংলি ক্রিকেট মাঠে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপরই বোঝা যাবে চোট কতটা গুরুতর এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবরকে পাওয়া যাবে কি না। হেডিংলিতে আগামী বুধবার শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো ছন্দেই আছেন বাবর। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করে পাকিস্তান। সেই সিরিজের দুই ম্যাচেই অর্ধশতক তুলে নিয়ে দলের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের সাফল্যের ইতিহাসও খুব একটা উজ্জ্বল নয়। সর্বশেষ ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে এবারও বাবরকে সামনে রেখেই পরিকল্পনা সাজিয়েছে দলটি।

তাই সিরিজ শুরুর মাত্র কয়েক দিন আগে বাবরের চোট পাকিস্তান শিবিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। অনুশীলনে ফিরতে পারলেও প্রথম টেস্টের আগে পুরোপুরি ফিট হতে পারবেন কি না, এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..