✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:৫১:৩০ |আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকে দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। ফরাসি ক্লাব মার্শেই থেকে ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে পাঁচ বছরের চুক্তিতে নিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি। চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত লেভারকুসেনে থাকবেন তিনি।
মেদিনাকে দলে নিতে লেভারকুসেনের খরচ হয়েছে মোট ২৫ মিলিয়ন ইউরো। এর মধ্যে ২৩ মিলিয়ন ইউরো মূল ট্রান্সফার ফি, আর পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ২ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে মার্শেইয়ের।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেদিনা। তিনি বলেন, বুন্দেসলিগায় লেভারকুসেনের মতো ক্লাবে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। জাতীয় দলের সতীর্থ এজেকিয়েল পালাসিওসের কাছ থেকেও ক্লাবটি সম্পর্কে ইতিবাচক কথা শুনেছেন বলে জানান আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
লেভারকুসেনে ২ নম্বর জার্সি পরে খেলবেন মেদিনা। ২০২৫-২৬ মৌসুমে মার্শেইয়ের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলেও তাকে রাখেন কোচ লিওনেল স্কালোনি।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে চারটি ম্যাচে মাঠে নামেন মেদিনা। ফাইনালেও বদলি হিসেবে খেলেছেন তিনি। তবে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।
মার্শেইয়ে যোগ দেওয়ার আগে ফরাসি ক্লাব লেন্সের হয়ে দীর্ঘ সময় খেলেছেন মেদিনা। ক্লাবটির হয়ে ১৬৫ ম্যাচে মাঠে নেমে নিজেকে ফরাসি ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ২০২২-২৩ মৌসুমে লেন্সের লিগ ওয়ানে রানার্সআপ হওয়ার পথেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।
মেদিনাকে দলে পেয়ে সন্তুষ্ট লেভারকুসেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রলফেস। তার মতে, অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা ও সামর্থ্যের কারণে মেদিনা দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন।
নতুন কোচ কার্লেস মার্তিনেসের অধীনে ২২ আগস্ট জার্মান কাপের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে লেভারকুসেন। এরপর ২৯ আগস্ট এলভার্সবার্গের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা অভিযান শুরু করবে তারা।