✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:০৮:১৫ |অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে টেস্টে সাফল্য পেতে ব্যাটারদের দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডারউইনে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রতিটি সেশন ধরে ভালো ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে।
প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পরও আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। শান্তর মতে, ম্যাচ কত দিন গড়াবে, সেটি নিয়ে না ভেবে প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ থাকবে দলের।
শান্ত বলেন, ‘আমরা তো খেলোয়াড় হিসেবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিটা সেশন বাই সেশন খেলতে চাই, আমরা যেটা সব সময় বলি।’
তিনি আরও বলেন, ‘একেকটা সেশন গুরুত্বপূর্ণ। চার দিন যাবে, পাঁচ দিন যাবে, নাকি তিন দিন যাবে এ ধরনের আলোচনা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ হবে নতুন বল সামলানো। মারারা স্টেডিয়ামের ড্রপ-ইন উইকেটে পেসাররা শুরুতে বাড়তি সুবিধা পেতে পারেন। তাই আগ্রাসনের বদলে পরিস্থিতি বুঝে নিজেদের স্বাভাবিক ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন শান্ত।
তিনি বলেন, ‘আমার মনে হয়, নতুন বলে সব সময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। এখানে যতক্ষণে আমরা ব্যাটিং করব, যে-ই ব্যাটিং করবে, যার যার সহজাত খেলাটা খেলবে এবং রানের জন্য খেলবে।’
ব্যাটারদের দীর্ঘ সময় উইকেটে থাকার গুরুত্ব বোঝাতে গিয়ে শান্ত বলেন, ‘লম্বা সময় মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তারা খুবই ভালো বোলিং অ্যাটাক। তাই এই অ্যাটাককে ঠিকমতো সামলাতে হলে আমাদের অবশ্যই আরও অনেক বেশি মনোযোগ এবং ভালো চিন্তাভাবনা নিয়ে ব্যাটিং করতে হবে।’
এদিকে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া লিটন দাস প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট বলেও নিশ্চিত করেছেন শান্ত।