✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গোপন হামলায় নতুন অস্ত্র এআই

উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৫২:৩১ |

উত্তর কোরিয়ার রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা সামরিক, কূটনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জেনিয়াসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকিং গোষ্ঠী ‘কিমসুকি’ স্পিয়ার-ফিশিং আক্রমণে এআই দিয়ে তৈরি নথি ব্যবহার করছে। গবেষণা প্রতিবেদন কিংবা আমন্ত্রণপত্রের মতো দেখতে এসব নথির আড়ালে ক্ষতিকর ফাইল রাখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা শনাক্ত হওয়ার ঝুঁকি কমাতে ইন্টারনেট সংযোগ ছাড়াই বড় ভাষা মডেল চালানোর জন্য ওলামা, জিপিটি-ফোরঅল ও এমস্টির মতো ওপেন-সোর্স টুল ব্যবহার করেছে। জেনিয়াসের দাবি, এআইয়ের মাধ্যমে অল্প সময়েই বাস্তবসম্মত ও পরিশীলিত নথি তৈরি করা সম্ভব হচ্ছে। এতে সামাজিক প্রকৌশলভিত্তিক সাইবার হামলাকে আরও দ্রুত এবং বড় পরিসরে পরিচালনা করা সহজ হচ্ছে।

কিমসুকিসহ উত্তর কোরিয়ার বিভিন্ন রাষ্ট্র-সমর্থিত হ্যাকিং গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক লাভসহ নানা উদ্দেশ্যে বহু সাইবার হামলা চালিয়েছে। ব্রিটিশ ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান এলিপ্টিকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে উত্তর কোরিয়ার হ্যাকাররা ২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১৪ সালে ‘দ্য ইন্টারভিউ’ চলচ্চিত্রকে কেন্দ্র করে সনি পিকচার্সের নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলার ঘটনায়ও মার্কিন কর্তৃপক্ষ পিয়ংইয়ংকে দায়ী করেছিল।

ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো জেনি টাউন আল-জাজিরাকে বলেছেন, উত্তর কোরিয়ার হ্যাকার ও প্রোগ্রামাররা নিজেদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন এআই টুল ব্যবহারে যথেষ্ট দক্ষ। তাই সাইবার হামলায় প্রযুক্তিটির ব্যবহারকে অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখছেন না তিনি।

সাইবার অপরাধ বিশেষজ্ঞ মার্ক টি. হফম্যানও এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে সতর্ক করেছেন। তার মতে, প্রযুক্তিটি ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনার বাধা কমিয়ে সাইবার অপরাধের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। এখন এ ধরনের হামলা চালাতে আগের মতো উন্নত হ্যাকিং দক্ষতা বা কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি থাকা অপরিহার্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

হফম্যানের আশঙ্কা, ভবিষ্যতে বিশ্বজুড়ে এআই-নির্ভর সাইবার হামলার সংখ্যা আরও বাড়তে পারে এবং একসময় তা নিয়মিত ঘটনায় পরিণত হতে পারে। সূত্র : আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..