✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ০০:৪৯:০৮ |ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে ২১ আগস্ট। এর আগেই নতুন এক ইতিহাস গড়ে ফেলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল লিগ। এবার রেকর্ডসংখ্যক নয়টি ক্লাব নতুন স্থায়ী কোচের অধীনে মৌসুম শুরু করতে যাচ্ছে। যা ২০১৬-১৭ মৌসুমের আগে হওয়া আটটি কোচ পরিবর্তনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। কোচদের এই ব্যাপক রদবদলের পেছনের মূল পরিসংখ্যানগুলো তুলে ধরেছে ‘দ্য স্ট্রেইটস টাইমস’।
নতুন নয়জন স্থায়ী কোচ হলেন, মার্কো রোজ (বোর্নমাউথ), জাবি আলোনসো (চেলসি), পিয়ের সেজ (ক্রিস্টাল প্যালেস), আলভারো আরবেলোয়া (ফুলহ্যাম), গ্যারি ও’নিল (ইপসউইচ টাউন), বোর্নমাউথের সাবেক কোচ আন্দোনি ইরাওলা (লিভারপুল), চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা(ম্যানচেস্টার সিটি), জাইসল (নিউক্যাসল) এবং প্যালেসের সাবেক কোচ অলিভার গ্লাসনার (নটিংহ্যাম ফরেস্ট)।
এই নয়জন কোচের মধ্যে পাঁচজনই ‘ম্যাচউইক ১’-এ প্রিমিয়ার লিগে অভিষেক করবেন। রোজ, আলোনসো, সেজ, আরবেলোয়া এবং জাইসল। এছাড়া হাল সিটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করা কোচ সের্গেই জাকিরোভিচও ইংল্যান্ডের শীর্ষ লিগে তার প্রথম ম্যাচটি পরিচালনা করবেন।
গত ১ জুন ‘চেরিস’ (বোর্নমাউথ)-এর কোচ হিসেবে নিয়োগ পাওয়া রোজ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ পরিচালনার আগেই লিগের ১২তম দীর্ঘমেয়াদী কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন। মাইকেল আর্তেতা আর্সেনালের কোচ হিসেবে তার সপ্তম মৌসুমের উদ্বোধনী ম্যাচে নামছেন। বুকমেকারদের মতে তার দল ‘গানার্স’ এবার শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট। ২০১৯ সালের ২২ ডিসেম্বর নিয়োগ পাওয়া এই স্প্যানিশ কোচ বর্তমানে প্রিমিয়ার লিগের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা কোচ।
মৌসুমের শুরুতে লিগের প্রথম ছয়টি ম্যাচেই লিভারপুলকে ছয়জন নতুন কোচের মুখোমুখি হতে হবে। নিউক্যাসলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর তারা খেলবে ফরেস্ট, ইপসউইচ, ফুলহ্যাম, বোর্নমাউথ এবং সিটির বিপক্ষে। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো এমন এক মৌসুমে খেলা শুরু হচ্ছে যেখানে সেই পাঁচজন কিংবদন্তি কোচ নেই, যারা যৌথভাবে ৩৪টি শিরোপার মধ্যে ২৬টিই জিতেছিলেন। এর মধ্যে অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ এবং পেপ গার্দিওলা।
প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই শিরোপা জিতেছেন মাত্র ছয়জন কোচ; সর্বশেষ এই কৃতিত্ব অর্জন করেছিলেন আর্নে স্লট, ২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের হয়ে। ২০০৪-০৫ মৌসুমে চেলসির হয়ে মরিনহো এই সাফল্যের সূচনা করেছিলেন; পরবর্তীতে ২০০৯-১০ মৌসুমে কার্লো আনচেলত্তি এবং ২০১৬-১৭ মৌসুমে আন্তোনিও কোন্তের অধীনেও দলটি একই সাফল্য অর্জন করে।
ম্যানুয়েল পেলেগ্রিনি ২০১৩-১৪ মৌসুমে ম্যানচেস্টার সিটির এই জয়ের নেপথ্যে মূল ভূমিকা পালন করেন, আর ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটির হয়ে ইতিহাস গড়েন ক্লাউদিও রানিয়েরি।