বিশ্বকাপ বিতর্কে ইনফান্তিনোর পদত্যাগ দাবি নরওয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ২০:০৫:৫০ |

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিষয়টি নিয়ে প্রকাশ্যে এমন দাবি জানানো প্রথম জাতীয় ফুটবল ফেডারেশন হলো নরওয়ে।

বৃহস্পতিবার রাতে এনএফএফের নির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানান, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আর কোনো আস্থা নেই এবং তিনি অবিলম্বে পদত্যাগ করলে বৈশ্বিক ফুটবল নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

ক্লাভেনেস বলেন, ‘প্রতি বছরই ফিফার শাসনব্যবস্থা নিয়ে আমাদের উদ্বেগ বেড়েছে। এখন সেই আস্থা পুরোপুরি হারিয়ে গেছে। আমাদের মতে, ইনফান্তিনোর জন্য আর ফিরে আসার কোনো পথ নেই।’

আগামী সপ্তাহে ফিফার কাছে ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে নরওয়ে। ২০২৩ সালে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সময়ও তার পক্ষে ভোট দেয়নি দেশটি। সাম্প্রতিক সময়ে ইউরোপের আরও কয়েকটি ফুটবল ফেডারেশনও তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

পদত্যাগের দাবির পাশাপাশি ফিফার নৈতিকতা কমিটির কাছেও নতুন অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে নরওয়ে। অভিযোগে থাকবে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প নিয়ে বিতর্ক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘পিস প্রাইজ’ প্রদান এবং সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ফরওয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে আলোচিত ঘটনাসহ তিনটি বিষয়।

নরওয়ে জানিয়েছে, এসব অভিযোগে আরও কয়েকটি বড় ফুটবল ফেডারেশনকে সঙ্গে নেওয়ার চেষ্টা করা হবে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বার্থে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে ফিফার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে উয়েফার কয়েকটি সদস্য দেশও এ পরিকল্পনার বিরোধিতা করেছে, যা ইনফান্তিনোর নেতৃত্বের ওপর চাপ আরও বাড়িয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..