✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ১৯:৫৬:০৩ |ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার স্বপ্ন পূরণ হয়েছিল হামজা নজরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজের পাকিস্তান দলেও সুযোগ পেয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু জাতীয় দলের সঙ্গে সফরে যাওয়ার আগেই ভিসা আবেদনে দেওয়া তথ্য নিয়ে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত সেই ঘটনাতেই দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন তিনি।
সতীর্থদের সঙ্গে বিমানে চড়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে ভিসার জন্য আবেদন করেছিলেন হামজা। কিন্তু আবেদনে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ ওঠার পর ভিসা জটিলতায় জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।
পরে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় হামজাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে পিসিবি।
নিষেধাজ্ঞার পাশাপাশি ২৭ বছর বয়সী এই অফস্পিনারকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও দিতে হবে।
তবে ভিসা আবেদনে ঠিক কী ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল, তা প্রকাশ করেনি পিসিবি। বোর্ড জানিয়েছে, হামজা আবেদনে সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় গোপন করেছিলেন।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, ভুল তথ্য প্রদান, কিছু বিষয় গোপন করা এবং বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার বিষয়গুলোকে পিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পাওয়া হামজার জন্য এই নিষেধাজ্ঞা বড় ধাক্কা হয়ে এসেছে। ভিসা-সংক্রান্ত জটিলতায় সফর থেকে বাদ পড়ার পর তদন্তে দোষী প্রমাণিত হয়ে এবার দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে।