✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৯:৩৪:১৫ |এক মিলিয়ন ইউরো; বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ২৮ লাখ টাকার বাম্পার লটারি! কিন্তু সেই কোটি টাকার ভাগ্যই ভুল করে চলে গিয়েছিল রাস্তার নোংরা ডাস্টবিনে! দক্ষিণ ইতালির ইতিহাসপ্রেমী শহর বিটোন্তোর এক ভাগ্যবতী নারীর জীবনে ঘটে গেছে এমনই এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ঘটনা, যা যেকোনো সিনেমাকেও হার মানায়।
প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে প্রতিনিয়ত ২, ৪, ৮, ১০ এবং ৫১ নম্বরের লটারি কাটতেন তিনি। ঘটনার দিন স্থানীয় দোকানে টিকেটটি পরীক্ষা করতে গেলে দোকানের স্বয়ংক্রিয় মেশিনে ভেসে ওঠে ‘নন-পেইয়েবল’ বার্তা। পুরস্কারের অঙ্কটা বিশাল হওয়ায় স্থানীয় দোকানে তা পরিশোধ করা সম্ভব ছিল না, অথচ সেই বার্তা দেখে হতাশা আর মন খারাপ নিয়ে টিকেটটি সোজা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে বাড়ি ফিরে যান ওই নারী। কিন্তু বাড়িতে পা রাখতেই বদলে যায় হিসাব-নিকাশ! পরিবারের সদস্যরা তাকে জানান, তার সেই নিয়মিত লটারি নম্বরগুলোই জিতেছে ইতিহাসের সেরা বাম্পার প্রাইজ!
মুহূর্তের মধ্যে পুরো পরিবারে নেমে আসে হাহাকার। ভাগ্য ফিরে পেতে হন্তদন্ত হয়ে দোকানে ছুটে গেলেও জানা যায়, ততক্ষণে ময়লা সংগ্রহের ট্রাক সেই ডাস্টবিন খালি করে রওনা হয়ে গেছে। কিন্তু কোটি টাকার স্বপ্ন এভাবে আবর্জনায় হারিয়ে যেতে দিতে চাননি তারা। মরিয়া হয়ে তারা ছুটে যান স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানির কর্মকর্তা রবার্তো নিকোলা তোসকানোর কাছে। সব শুনে খুব একটা আশার আলো না দেখলেও তোসকানো ও তার দল সঙ্গে সঙ্গে জিপিএস ট্র্যাক করে নির্দিষ্ট ময়লার ট্রাকটিকে চিহ্নিত করেন এবং মাঝরাস্তায় তা থামাতে সক্ষম হন।
সুরক্ষা ঝুঁকির কারণে ট্রাকটিকে পাঠানো হয় বিশেষায়িত বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। সেখানে তীব্র দুর্গন্ধ আর ময়লার স্তূপের মাঝে একটানা এক দিনেরও বেশি সময় ধরে চলে সূক্ষ্ম তল্লাশি। একের পর এক রসিদ আর টিকেটের টুকরো উল্টাতে উল্টাতে হঠাৎই ঘটে সেই অলৌকিক ঘটনা; ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় অক্ষত টিকেটটি!
ফোন করে এই জয়ের বার্তা পৌঁছাতেই ফোনের অপর প্রান্তের কান্নায় ভেঙে পড়েন সেই নারী। কোটি কোটি টাকার এই স্বপ্নের রাজহাঁস ফিরে পাওয়ার আনন্দে পুরো পরিবার এখন ভাসছে খুশির জোয়ারে। আর ভাগ্যকে ডাস্টবিন থেকে উদ্ধার করার এই বিশাল তল্লাশি অভিযানের পুরো খরচ? ১৪ কোটি টাকা জেতার পর কোটিপতি এই নারী সেই বিল যে পরম হাসিমুখেই মেটাবেন, তা বলাই বাহুল্য!
সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর