✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৮:৪৭:০৭ |ইংল্যান্ডে দীর্ঘ পথচলার পর নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, লেস্টার সিটি ছেড়ে আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ব্যক্তিগত শর্তে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যমের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে টানতে কাজ করছিল সাবাহ এফসি। আলোচনার পর ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ। এখন বাকি শুধু আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষা।
গত মৌসুমে লেস্টার সিটির মূল একাদশে নিয়মিত সুযোগ না পেয়ে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও লোনে খেলেছেন তিনি। তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে লেস্টারের জার্সিতেই।
২০২১ সালে লেস্টারের হয়ে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান হামজা। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তার বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও তৈরি হবে হামজার সামনে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ পেরিয়ে তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছে। ফলে দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশি এই মিডফিল্ডারের।
তবে এখন পর্যন্ত লেস্টার সিটি, সাবাহ এফসি কিংবা হামজা চৌধুরীর পক্ষ থেকে এই দলবদল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।