সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৮:৪১:১২ |

বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের অংশি হিসেবে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর সুরক্ষার নিশ্চিতে সামুদ্রিক জোটের কমান্ডার হিসেবে সৌদি রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(৬ আগস্ট) এক্সে দেওয়া পোস্টে দেশটির সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, জোটের কমান্ডার যৌথ নৌ-প্রতিরক্ষা কার্যক্রম তদারকি করবেন, সদস্য রাষ্ট্র ও অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সমন্বয় সাধন করবেন এবং জোটের সনদের আওতায় বিভিন্ন অভিযান পরিচালনা করবেন। মন্ত্রণালয় আরও জানায়, আরও অনেক দেশ এই জোটে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করছে; এর মধ্যে কয়েকটি দেশ ইতোমধ্যে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে এবং অন্যরা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে ঘোষণা ও সনদে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে।

জোটটি নিশ্চিত করছে, এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক জোট, যা এর লক্ষ্য ও নীতিমালার সঙ্গে একমত পোষণকারী সব দেশের যোগদানকে স্বাগত জানায়। একইসঙ্গে সদস্যপদ লাভের আবেদন গ্রহণ অব্যাহত রেখেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব দেশ স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করেছে, তাদের নাম জানিয়ে পরবর্তীতে আরেকটি বিবৃতি প্রকাশ করা হবে।

জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করতে এবং আরও দেশের যোগদানের পথ সুগম করতে চলতি মাসের ১২-১৩ আগস্ট পরিকল্পনাকারীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। গত ৩০ জুলাই সৌদি আরব এবং আরও ১৩টি দেশ ‘বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট’ গঠনের ঘোষণা দেয়।

বাব আল-মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ পথের সুরক্ষাই এই জোটের মূল লক্ষ্য। রিয়াদে আয়োজিত একটি আন্তর্জাতিক বৈঠকের শেষে দেওয়া যৌথ বিবৃতিতে এই ঘোষণাটি আসে। ওই বৈঠকে ৪৩টি দেশের চিফ অফ স্টাফ ও প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক সামুদ্রিক পথের নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক নৌ-চলাচল ও বাণিজ্যের প্রতি হুমকি মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

প্রতিরক্ষামূলক জোট
প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলো জানিয়েছে, জোটের কার্যক্রমে অংশগ্রহণ করা প্রতিটি সদস্য রাষ্ট্রের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্তের বিষয় হিসেবেই থাকবে। তারা উল্লেখ করেছে, এই জোটটি প্রকৃতিগতভাবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্র, জোট বা আন্তর্জাতিক সংস্থাকে লক্ষ্য করে গঠিত হয়নি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও নৌ-চলাচলের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক আইন মেনে এর সমস্ত কার্যক্রম পরিচালনা করবে।

বিবৃতিতে সৌদি আরবকে জোটের প্রতিষ্ঠাতা ও প্রধান রাষ্ট্র এবং এর স্থায়ী সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হয়েছে। যৌথ অভিযান সমন্বয় কেন্দ্র, যৌথ সামুদ্রিক অভিযান কেন্দ্র এবং সাধারণ সচিবালয় এসবই সৌদি আরবে অবস্থিত হবে।আন্তর্জাতিক আইন, জাতিসংঘ-এর কনভেনশন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ রুট সুরক্ষিত করা এবং সামুদ্রিক স্বার্থ রক্ষার লক্ষ্যে একটি সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো হিসেবে এই জোটটি প্রতিষ্ঠা করা হয়েছে।

জোটের প্রতি ১৪টি দেশের সমর্থন

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ জুলাই অনুষ্ঠিত বৈঠকে সামুদ্রিক নিরাপত্তার ক্রমবর্ধমান হুমকির মধ্যে বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার এবং সামুদ্রিক অবকাঠামোর নিরাপত্তা অন্তর্ভুক্তের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অংশগ্রহণকারীরা জোটের খসড়া সনদ, সাংগঠনিক কাঠামো, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন।

মন্ত্রণালয় বলেছে, এর লক্ষ্য হলো বাব আল-মান্দাব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরসহ বিভিন্ন এলাকায় যৌথ সামুদ্রিক হুমকি মোকাবিলায় সহযোগিতার জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। ১৪টি দেশ এই জোট গঠনের সমর্থনে একটি যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো হলো, সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন এবং কোমোরোস।

মন্ত্রণালয় বলেছে, অন্যান্য দেশের জন্য জোটের সনদে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত রয়েছে; তবে সেক্ষেত্রে তাদের নিজস্ব জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করে এবং পরবর্তীতে সৌদি-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর হামলার দাবি করে। রিয়াদ সামুদ্রিক চলাচল রক্ষা এবং আন্তর্জাতিক নৌ-চলাচলের বিরুদ্ধে যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..