✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১৫:২৫:৫৬ |স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর উগান্ডার কয়েকজন অ্যাথলেটের খোঁজ মিলছে না। বিষয়টি তদন্ত করছে স্কটল্যান্ড পুলিশ। এর আগে পাকিস্তানের বক্সার কুদরতুল্লা নিখোঁজ হওয়ার অভিযোগ উঠে।
মঙ্গলবার রাতে স্কটল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানান, কয়েকজন অ্যাথলেটের অবস্থান সম্পর্কে তারা প্রতিবেদন পেয়েছেন। তাদের অবস্থান ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই সঙ্গে যুক্তরাজ্যের হোম অফিসের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
উগান্ডার সংবাদমাধ্যম এনবিএস স্পোর্টস জানিয়েছে, দেশটির ছয় সদস্যের বক্সিং দলের চারজন নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরেননি। তাদের একজন সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করার পরিকল্পনা করছেন।
অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টুডে জানিয়েছে, দেশটির একজন বক্সারও মঙ্গলবারের নির্ধারিত দেশে ফেরার ফ্লাইটে ওঠেননি।
কমনওয়েলথ গেমস শেষে অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত গেমসের পরও এক মাস পেরিয়ে যাওয়ার পর ৫০ জন অ্যাথলেট ও কর্মকর্তা নিখোঁজ ছিলেন। একই সময়ে প্রায় ১৯০ জন আশ্রয়ের আবেদন করেছিলেন।
এবারের গ্লাসগো কমনওয়েলথ গেমস ১১ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার অ্যাথলেট অংশ নেন। এখন পর্যন্ত নিখোঁজ বলে উল্লেখ করা অ্যাথলেটদের অবস্থান বা তাদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি।