৫ বছরের চুক্তিতে নিউক্যাসেলে গোলরক্ষক লুকাস হর্নিচেক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:৪৪:১০ |

পর্তুগালের ব্রাগা থেকে চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক লুকাস হর্নিচেককে ২ কোটি ৫৭ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড। পাঁচ বছরের চুক্তিতে সেন্ট জেমস পার্কে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক।

এর আগে, চলতি মৌসুমে রেইমস থেকে ২০ বছর বয়সী গোলরক্ষক ইভেন জাওয়েনকে দলে নিলেও অভিজ্ঞ প্রথম পছন্দের গোলরক্ষকের খোঁজ চালিয়ে যাচ্ছিল নিউক্যাসেল। শেষ পর্যন্ত হর্নিচেকের রিলিজ ক্লজ সক্রিয় করে তাকে দলে ভেড়ালো ক্লাবটি।

চুক্তি সম্পন্ন করার পর নিউক্যাসেলের স্পেনে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন হর্নিচেক। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, গত কয়েক দিন ছিল আবেগে ভরা। প্রথমবার এই প্রস্তাবের কথা শোনার পর থেকেই উত্তেজিত ছিলাম। এখন নিউক্যাসেলের অংশ হতে পেরে খুবই আনন্দিত। নতুন একটি লিগে খেলার সুযোগ আমার জন্য দারুণ এক চ্যালেঞ্জ।

তিনি বলেন, ক্লাবে আসার পর সবাই যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, তাতে নিজেকে খুব স্বাচ্ছন্দ্য লাগছে। নিউক্যাসল যে ফুটবলপাগল একটি শহর, তা সবাই জানে। সেন্ট জেমস পার্কে ৫২ হাজার দর্শকের সামনে খেলার অপেক্ষায় আছি।

গত মৌসুমে ব্রাগার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হর্নিচেক। তার সাতটি ক্লিন শিটের ওপর ভর করে ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছেছিল পর্তুগিজ ক্লাবটি। পুরো প্রতিযোগিতায় এটিই ছিল কোনো গোলরক্ষকের সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ড। এছাড়া, অপ্টার তথ্য অনুযায়ী, গত মৌসুমে পর্তুগিজ লিগে গোলরক্ষকদের মধ্যে সফল পাসের সংখ্যায় (৮৪৬) ছিলেন দ্বিতীয় এবং পাসিং নির্ভুলতায় (৭৫ শতাংশ) ছিলেন চতুর্থ।

গত মৌসুমে নিউক্যাসেলের রক্ষণভাগ প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রিমিয়ার লিগে দলটি মাত্র আটটি ক্লিন শিট রাখতে সক্ষম হয় এবং ৫৫টি গোল হজম করে। গোলরক্ষক নিক পোপও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল করেন। আর ধারে খেলতে আসা অ্যারন রামসডেলও আস্থা অর্জন করতে ব্যর্থ হন।

এই পরিস্থিতিতে নতুন একজন নির্ভরযোগ্য গোলরক্ষক ছিল ক্লাবটির অন্যতম প্রধান লক্ষ্য। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার হর্নিচেক শারীরিক সক্ষমতার পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তোলার দক্ষতার জন্যও পরিচিত। যদিও ব্রাগার নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন মাত্র দেড় বছর আগে। তবুও তার সম্ভাবনা নিয়ে নিউক্যাসল বেশ আশাবাদী।

নতুন মৌসুমে প্রধান কোচ ম্যাথিয়াস ইয়াইসলের অধীনে নিউক্যাসেলের নতুন প্রকল্পে হর্নিচেককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..