কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১৬:০৬:২৪ |

খারাপ সময় যাচ্ছিল, মাঠে পারফরম্যান্সও ছিল হতাশাজনক। তবুও ম্যানচেস্টার সিটি তার ওপর আস্থা রেখেছে। ক্লাবের সেই সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন মৌসুমে নিজেকে নতুনভাবে মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন।

পেপ গার্দিওলার বিদায়ের পর সিটির ইতিহাসের সফল এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এবার নতুন কোচ এন্টসো মারেস্কার অধীনে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে ক্লাবটি। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারও নতুন করে শুরু করার লক্ষ্য ফোডেনের।

২০২৩-২৪ মৌসুম ছিল ফোডেনের ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। প্রিমিয়ার লিগে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে সিটিকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পান প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার এবং প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের সম্মান।

সেবার সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। তবে এরপর থেকেই ছন্দ হারাতে থাকেন ফোডেন। গত দুই মৌসুমে আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। সবশেষ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১০ গোল করেন। এমনকি সর্বশেষ ৩১ ম্যাচে পাননি কোনো গোলের দেখা।

পারফরম্যান্সের এমন ভাটা চললেও ফোডেনের ওপর আস্থা হারায়নি ম্যানচেস্টার সিটি। গত মাসে তার সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করেছে ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকবেন তিনি। বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ফোডেন বলেন, ক্লাবের এই বিশ্বাস তাকে নতুন করে আত্মবিশ্বাস দিয়েছে।

তিনি বলেন, নতুন চুক্তি আমাকে নির্ভার করেছে। এখন নিজেকে সেরা রূপে ফিরিয়ে আনার কাজে মনোযোগ দিতে পারব। ক্লাব যেভাবে আমার ওপর ভরসা রেখেছে, তার প্রতিদান দিতে চাই। ক্লাবের কাছ থেকে এমন সমর্থন পাওয়া দারুণ বিষয়। এখন সময় আমার চেষ্টা করার এবং এই ক্লাবকে ফিরিয়ে দেওয়ার।

গার্দিওলার অধীনে মাত্র ১৭ বছর বয়সে সিটির মূল দলে অভিষেক হয় ফোডেনের। এরপর ক্লাবটির হয়ে ৩৬৯ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি।

গার্দিওলার বিদায়ের পর দায়িত্ব নিয়েছেন তার সাবেক সহকারী এন্টসো মারেস্কা। নতুন কোচের অধীনে কাজের অভিজ্ঞতা নিয়ে ফোডেন বলেন, এখন পর্যন্ত সবকিছু উপভোগ করছি। বিষয়টি একটু অদ্ভুত লাগছে, তবে আমি এন্টসোকে আগে থেকেই চিনি। তিনি কেমন, সেটাও জানি। এটি আমাকে মানিয়ে নিতে সাহায্য করছে।”

আগামী ২৩ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি। এর আগে ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে গতবারের এফএ কাপ জয়ীরা। নতুন মৌসুমে ফোডেনের লক্ষ্য একটাই- হারানো ছন্দ ফিরে পাওয়া এবং আস্থার প্রতিদান দেওয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..