রুট আবারও নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১৬:০১:৪৭ |

ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্বে জো রুটের প্রত্যাবর্তন অবাক করেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে। আগের অধিনায়কত্বের অধ্যায়টি যেভাবে হতাশার মধ্য দিয়ে শেষ হয়েছিল, তাতে রুট আবার সেই দায়িত্ব নিতে রাজি হবেন, এমনটি তিনি ভাবেননি।

বেন স্টোকসের অবসরের পর অনেকের ধারণা ছিল, টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হবে হ্যারি ব্রুককে। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আপাতত সাদা বলের অধিনায়কের কাঁধে লাল বলের বাড়তি দায়িত্ব চাপাতে চায়নি। তাই অভিজ্ঞতার ওপর ভরসা রেখে আবারও টেস্ট অধিনায়ক করা হয়েছে রুটকে।

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৬৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রুট। তার অধিনায়কত্বে দল জিতেছে ২৭টি টেস্ট, যা ইংল্যান্ডের রেকর্ড। তবে একই সঙ্গে তার নেতৃত্বেই এসেছে সর্বোচ্চ ১৭টি পরাজয়। বিশেষ করে দ্বিতীয় দফার শেষ দুই বছর ছিল বেশ হতাশাজনক। ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর অধিনায়কত্ব ছাড়তে হয় তাকে। তার নেতৃত্বে শেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল মাত্র একটি।

অধিনায়ক থাকাকালীন রুটের ব্যাটিংয়েও প্রভাব পড়েছিল। নেতৃত্বে থাকা অবস্থায় তার গড় ছিল ৪৬.৭, যেখানে অধিনায়কত্বের বাইরে সেই গড় বেড়ে দাঁড়ায় ৫৩.৩৪।

সব মিলিয়ে ইংল্যান্ডের সফল অধিনায়কদের তালিকায় রুটকে খুব একটা রাখা হয় না। অনেকেরই ধারণা ছিল, অধিনায়কত্বের চাপ তিনি উপভোগ করতেন না। তাই আবার সেই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত গিলক্রিস্টকে বিস্মিত করেছে।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন,'বিষয়টি আমাকে সত্যিই কিছুটা অবাক করেছে। অধিনায়ক হিসেবে তার অধ্যায় যেভাবে শেষ হয়েছিল এবং এরপর ব্যাট হাতে যেভাবে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, তাতে আমি ভাবিনি তিনি আবার এই দায়িত্ব নিতে আগ্রহী হবেন।'

তবে ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রুটের সিদ্ধান্তের প্রশংসাও করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা।

তার ভাষায়, 'হয়তো ইংল্যান্ড মনে করেছে, এই মুহূর্তে তাদের দলে এমন কেউ নেই, যে পুরোপুরি প্রস্তুত হয়ে নেতৃত্ব নিতে পারবে। সে কারণে দেশের প্রয়োজনে রুট যে আবার দায়িত্ব নিয়েছেন, সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে।'

এর আগে ইংল্যান্ডের পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছিলেন, তিন সংস্করণের নেতৃত্বের জন্য হ্যারি ব্রুককে আরও সময় দিতে চেয়েছিল বোর্ড। আর সেই কারণেই অভিজ্ঞ জো রুটের হাতেই আবার তুলে দেওয়া হয়েছে টেস্ট দলের নেতৃত্ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..