সমালোচনার মুখে আফগান সিরিজ ঘিরে আয়ারল্যান্ডে নিরাপত্তা জোরদার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১১:০০:৪৯ |

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়ার এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই সিরিজ আয়োজন নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আয়ারল্যান্ড।

তালেবান শাসনে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা, খেলাধুলা ও অন্যান্য স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধের প্রেক্ষাপটে আয়ারল্যান্ডে সিরিজটি আয়োজন করা নিয়ে নীতিগত প্রশ্ন উঠেছে। সমালোচনার মধ্যেই সিরিজের ম্যাচগুলো ঘিরে প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে ক্রিকেট আয়ারল্যান্ড। 

সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে পাঁচ ম্যাচের এই সিরিজ নির্বিঘ্নে আয়োজন করতে নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের (পিএসএনআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্রিকেট আয়ারল্যান্ড।

২০২১ সালে তালেবান শাসনামল শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তবে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। এছাড়াও এই সিরিজ আয়োজন নিয়ে অস্বস্তির কথা আগেই জানিয়েছিলেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী সারাহ কিয়েন।

বেলফাস্টভিত্তিক নারী অধিকার সংগঠন উইমেনস রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি ম্যাচগুলো আদৌ আয়োজন করা উচিত কি না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে। তবে বাধাবিপত্তির মাঝেও সিরিজ আয়োজন থেকে সরে আসেনি আয়ারল্যান্ড। সহযোগিতা করছে পুলিশও।

সিরিজ চলাকালে আন্দোলন বা প্রতিবাদের সম্ভাবনা নিয়ে পিএসএনআই জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তাদের উপযুক্ত পুলিশি ব্যবস্থা থাকবে।

পিএসএনআইয়ের এক মুখপাত্র বলেন, শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ ও সমাবেশের অধিকার একটি মৌলিক মানবাধিকার। তবে তা এমনভাবে করতে হবে, যাতে অন্যদের অধিকার ক্ষুণ্ন না হয় বা কোনো অপরাধ সংঘটিত না হয়। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..