ইচ্ছা করে খেলেননি নাকি চোটের জন্য খেলতে পারেননি—এই প্রশ্নে এখন মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি ও পেসার আলজারি জোসেফ।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের দল থেকে জোসেফ নিজেই সরে দাঁড়িয়েছেন— দলের প্রধান কোচ স্যামির এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন আলজারি জোসেফ। স্যামির বক্তব্যকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে এই পেসার বলেছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন, স্যামির নয়।
গত ২৩ জুলাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানায়, ‘ব্যক্তিগত কারণে’ জোসেফকে পাওয়া যাচ্ছে না। পরদিন সংবাদ সম্মেলনে স্যামি বলেন, “জোসেফ খেলতে রাজি হয়নি। বাস্তবতা এটাই। তাকে দলে রাখা হয়েছিল। সে চোট থেকে ফিরেছে। এরপর কিছু কারণে, সে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।”
সে সময় জোসেফের সরে দাঁড়ানোর কারণ খোলাসা করেননি স্যামি। আর এখানেই আপত্তি জোসেফের। অ্যান্টিগা অবজার্ভারের ‘গুড মর্নিং জোজো স্পোর্টস’ শোতে কোচের ওই মন্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ২৯ বছর বয়সী ক্রিকেটার। “আমার সঙ্গে প্রধান কোচের কথা হয়েছিল। সিডব্লিউআই (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের) সঙ্গেও আলোচনা করেছিলাম, আর সিডব্লিউআই-এর বিবৃতিতে উল্লেখ ছিল, ব্যক্তিগত কারণের কথা।
“স্যামি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন। তিনি খুব ভালো করেই জানতেন, তার ওই মন্তব্যের কী প্রভাব পড়বে। সত্যি বলতে, ওই বক্তব্য নিয়ে তাকে আমার আর কিছু বলার নেই। যেমনটা বলেছি, তিনি জানতেন তার মন্তব্যের ফলে কী ধরনের আলোচনা হবে ও জনমনে কেমন ধারণা তৈরি হবে।”
স্ট্রেস ফ্র্যাকচারের কারণে লম্বা একটা সময় মাঠের বাইরে ছিলেন জোসেফ। এ কারণে ভারত ও নিউ জিল্যান্ড সফরে খেলতে পারেননি তিনি। গত জুনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফেরেন ডানহাতি এই পেসার। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলেন। পরে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেন টানা পাঁচটি ওয়ানডে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত মনে হয়নি জোসেফের। আর এই কারণেই সিরিজ থেকে সরে দাঁড়ান তিনি।
“পুরো এক বছর মাঠের বাইরে ছিলাম। দ্বিতীয়বার স্ট্রেস ফ্র্যাকচার হওয়ার পর লম্বা সময় আন্তর্জাতিক পর্যায়ের তীব্র প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলিনি। এখানে (ঘরের মাঠে) দুটি টেস্ট ম্যাচ খেলেছি, (চলতি মাসের শুরুর দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে) টানা পাঁচটি ওয়ানডে খেলেছি, এরপর আমার শরীর কেমন অনুভব করছে, সেটা নিয়ে আমাদের কথা হয়েছে। বুঝতে পেরেছিলাম, শরীর আরেকটি টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুত নয়। তাই পুরো ঘটনার প্রেক্ষাপট তুলে না ধরে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটা বিতর্কিত।”
স্যামির মন্তব্য এবং জোসেফের পাল্টা প্রতিক্রিয়ার পর ভবিষ্যতে দুজনের একসঙ্গে কাজ করা কঠিন হবে কি না, এমন প্রশ্নের উত্তরে জোসেফ বলেন পেশাদার জায়গার কথা।
“আমি পেশাদার, তাই নিজের কাজ করব। আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি, ড্যারেন স্যামির নয়। তাই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তেমন কোনো চিন্তা নেই। আমি মাঠে বন্ধু বানাতে যাই না। নিজের দায়িত্ব পালন করতে এবং ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করতে মাঠে নামি।”
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী রোববার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে সীমিত ওভারের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা।
এ জাতীয় আরো খবর..