দলে সুযোগ না পাওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে চরম হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ভারতের এক ক্রিকেটার। তিনি ভারতের নারী ক্রিকেট দলের একজন সদস্য। তার নাম অদিতি চৌখাণ্ড। গত বুধবার ভোর ৫ টার দিকে ভারতের নাগপুরের লক্ষ্মী নগর এলাকার একিটি বাসা থেকে ওই ক্রিকেটারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুতে শোক নেমে এসেছে মহারাষ্ট্রের ক্রিকেটাঙ্গনে।
অদিতির মূল বাড়ি মহারাষ্ট্রের আকোলায় হলেও উন্নত প্রশিক্ষণের জন্য তিনি মা ও পেশাদার ক্রিকেটার ভাইয়ের সঙ্গে নাগপুরে বসবাস করতেন। তার বাবা মহারাষ্ট্র সরকারের পূর্ত দপ্তরের ঠিকাদার। এ বছরই তিনি উচ্চমাধ্যমিক পাস করেছিলেন এবং স্থানীয় একটি ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমি দলে জায়গা পাইনি’। চিঠি থেকে পুলিশের ধারণা, দলে সুযোগ না পাওয়ার হতাশাই এই ঘটনার নেপথ্যে কাজ করেছে। একই সঙ্গে চিঠিতে তিনি তার ভাই প্রবালকে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার শুভকামনাও জানান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে পুলিশের এক কর্মকর্তা জানান, সম্প্রতি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই ক্রিকেটার। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি চূড়ান্ত তদন্তের পর জানা যাবে।
এদিকে প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। কেন তিনি বারবার দলে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
এ জাতীয় আরো খবর..