✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:৪৬:৩৪ |গ্রিসের দক্ষিণাঞ্চলীয় রেথিমনোয় ভয়াবহ দাবানলের গ্রাসে পড়েছে বিস্তীর্ণ এলাকা। অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই আগুন নেভাতে গিয়ে বুধবার প্রাণ হারিয়েছেন দেশটির তিন দমকলকর্মী। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গ্রিক ফায়ার সার্ভিস এক বিবৃতিতে অগ্নিনির্বাপক কর্মীদের এই আত্মত্যাগকে বীরত্বপূর্ণ আখ্যা দিয়ে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বর্তমানে দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫৬ জন কর্মী, ৮টি গ্রাউন্ড টিম, ৩৩টি ফায়ার ইঞ্জিন এবং ৮টি আকাশযান টানা কাজ করে যাচ্ছে। এছাড়া পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পৌরসভার ওয়াটার ট্যাঙ্কার ও ভারী যন্ত্রপাতিও কাজে লাগানো হচ্ছে। বিউফোর্ট স্কেলে প্রায় ৭ মাত্রার তীব্র বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে উদ্ধার কাজ চরম ঝুঁকির মুখে ফেলেছে।
পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় ১১২ জরুরি সংকেতের মাধ্যমে আশপাশের বেশ কয়েকটি লোকালয় ইতোমধ্যে খালি করে ফেলা হয়েছে। এ পর্যন্ত আগিয়া গালিনি এলাকা থেকে প্রায় দুই হাজার পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পর্যটক ও অধিবাসীদের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টি হয়নি, তারা নির্দেশনামা মেনে টিম্পাকির দিকে সরে যাচ্ছেন। একইসঙ্গে সমুদ্রবর্তী এলাকা থেকে কোস্টগার্ড ও ব্যক্তিগত নৌকার সাহায্যে অন্তত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় অগ্নিনির্বাপক দপ্তর ও হোটেল অ্যাসোসিয়েশন জরুরি অবস্থা ঘোষণা করে বাস্তুচ্যুত মানুষদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করছে। সার্বিক বিষয়টিকে 'নিয়ন্ত্রণের বাইরে' উল্লেখ করে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বাতিল করে এখন প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে মানুষের জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে। দাবানলটি কীভাবে শুরু হলো তা খতিয়ে দেখতে রেথিমনো অগ্নিসংযোগ অপরাধ তদন্ত বিভাগ কাজ শুরু করেছে।
সূত্র: ইউরো নিউজ