✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:০৯:১৯ |ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়া। ক্লাবের হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এবার স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সামনে তার নতুন লক্ষ্য বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়।
নিউ জার্সিতে গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে টানা সাত জয়ে শিরোপা জেতে তারা। যদিও বিশ্বকাপে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি ২৫ বছর বয়সী গার্সিয়া, পুরো টুর্নামেন্ট কাটিয়েছেন বেঞ্চে বসে।
তবে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে তার অবদান ছিল উল্লেখযোগ্য। লা লিগায় ৩০ ম্যাচে গোলবার সামলে ২১টি গোল হজম করেছেন তিনি এবং ১৫টি ম্যাচে রেখেছেন ক্লিন শিট। দলটির হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার কাপও।
বিশ্বকাপ অভিযান শেষে ছুটিতে থাকা গার্সিয়া নিজের ফুটবল ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী মৌসুমের লক্ষ্য জানিয়ে বলেন, 'বার্সেলোনায় এক বছর কাটানোর মধ্যে আমরা লা লিগা ও স্প্যানিশ কাপ জিতেছি, আর এবার বিশ্বকাপও জিতেছি। তাই আগামী মৌসুমের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ।'
তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপ সবচেয়ে বড় শিরোপা। ক্লাব ফুটবলে এর কাছাকাছি হলো চ্যাম্পিয়ন্স লিগ। তাই এই মৌসুমে আমার লক্ষ্য সেটিই।'
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও ভালো শুরু করেছিল বার্সেলোনা। তবে কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য থাকলেও অতিরিক্ত চাপ নিতে চান না গার্সিয়া। তিনি বলেন, কোনো লক্ষ্য নিয়ে অতিরিক্ত আচ্ছন্ন হয়ে পড়লে ব্যর্থতার প্রভাব আরও বড় হতে পারে। তবে দলটি শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।
আগামী ১৫ আগস্ট শুরু হবে নতুন লা লিগা মৌসুম। শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনা মাঠে নামবে ২৩ আগস্ট, এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে।