✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৪:১১:০৬ |রুশ জ্বালানির প্রধান ক্রেতা দেশগুলোর ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে বহুল প্রতীক্ষিত একটি দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন সিনেট। প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের নামে আনা এই প্রস্তাবটি পাসের ফলে ভারত ও চীনসহ রাশিয়ার শীর্ষ তেল-গ্যাস আমদানিকারকদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের ক্ষমতা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাতে সিনেটে ৮৬-১২ ব্যবধানে বিলটি অনুমোদিত হয়। ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থাগম বন্ধ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
বিলে রুশ কর্মকর্তা, অলগার্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং তেল রপ্তানির ‘শ্যাডো ফ্লিটের’ ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্পের আগ্রহে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতের অর্থায়ন ঠেকানোর মেয়াদের পরিধিও বাড়ানো হয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম গ্যাস আনে এবং আমদানি কমাচ্ছে, তাদের জন্য কিছুটা ছাড় রয়েছে।
এই বিলটি দীর্ঘ সময় ধরে তদারকি করেছিলেন সেনেটর লিন্ডসে গ্রাহাম। চলতি মাসে তার আকস্মিক প্রয়াণের পর ক্যাপিটল হিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি ও গ্রাহামের স্মরণে আয়োজিত সভার পরপরই সিনেট এটি অনুমোদন করে।
তবে কিছু ডেমোক্র্যাট প্রতিনিধি আশঙ্কা প্রকাশ করেছেন, শুল্কারোপের এই একক ক্ষমতা ট্রাম্পকে দিলে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস বর্তমানে গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় আগামী সেপ্টেম্বরের আগে বিলটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার সুযোগ নেই।